https://asia24.tv


ছবি: -ফাইল ছবি
সরকারের মন্ত্রিসভায় প্রথম দফার রদবদলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন একজন প্রতিমন্ত্রী যুক্ত হয়েছেন। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক সাবেক উপদেষ্টা হুমায়ুন কবির প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তাঁকে আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এর ফলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের অধীনে নতুন এই মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী একযোগে কাজ করবেন।
শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনের দরবার হলে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির। টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিপরিষদে যুক্ত হওয়া এই প্রবীণ কূটনীতিক আগে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আন্তর্জাতিক সম্পর্ক ও দ্বিপক্ষীয় কূটনীতিতে তাঁর সুদীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতার বিষয়টি বিবেচনায় নিয়েই তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুদায়িত্ব দেওয়া হয়েছে।
একই মন্ত্রণালয়ে অপর প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন শামা ওবায়েদ ইসলাম। চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকার গঠনের শুরুতেই তিনি এই পদে নিযুক্ত হন এবং নতুন দপ্তর বণ্টনের পরও স্বপদে বহাল রয়েছেন।
একই মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালনকালে কোনো আইনি বা প্রশাসনিক জটিলতা তৈরি হবে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব স্পষ্ট করেন, একই দপ্তরে একাধিক প্রতিমন্ত্রী দায়িত্ব পালনে সংবিধানে বা প্রশাসনিক কার্যক্রমে কোনো বাধা বা অসুবিধা নেই।


