https://asia24.tv


ছবি: -ফাইল ছবি
দেশে চলমান গ্যাস সংকট সামাল দিতে ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে চলতি আগস্ট (২০২৬) মাসেই আরও ৫ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করছে সরকার। এতে প্রায় ১ কোটি ৬০ লাখ মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজি দেশে আসবে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান।
তিনি জানান, ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে স্পট মার্কেট, দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি—এই তিন ধরনের চুক্তির আওতেই এলএনজি আনা হচ্ছে। গড়ে প্রতিটি কার্গোতে প্রায় ৩২ লাখ এমএমবিটিইউ এলএনজি থাকে। চলতি আগস্টে মোট ৯ কার্গো (২ কোটি ৮৮ লাখ এমএমবিটিইউ) এলএনজি আমদানির পরিকল্পনা রয়েছে, যার ৪ কার্গো ইতোমধ্যে পৌঁছেছে। বাকি ৫টি চালান আগামী ১৭, ২১, ২৩, ২৭ ও ৩০ আগস্ট দেশে পৌঁছাবে।
পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, আগস্টের মোট ৯ কার্গোর মধ্যে দীর্ঘমেয়াদি চুক্তিতে ১টি, স্বল্পমেয়াদি চুক্তিতে ৫টি এবং স্পট মার্কেট থেকে ৩টি কার্গো কেনা হয়েছে। এর আগে গত জুলাই মাসে দীর্ঘ ও স্বল্পমেয়াদি চুক্তি এবং স্পট মার্কেট মিলিয়ে মোট ১১ কার্গো (৩ কোটি ৫২ লাখ এমএমবিটিইউ) এলএনজি আমদানি করা হয়েছিল।
রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) তথ্যমতে, দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতার এনার্জি ও ওমানের ওকিউ ট্রেডিং বাংলাদেশকে এলএনজি দেয়। পাশাপাশি স্বল্পমেয়াদি চুক্তিতে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান থেকে গ্যাস পাওয়া যায়। এ ছাড়া স্পট মার্কেট থেকে কার্গো ক্রয়ে সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির নিয়মিত অনুমোদন নেওয়া হয়।


