https://asia24.tv


ছবি: -প্রতিনিধি
টানা ভারী বৃষ্টি ও উজানের ঢলে আবারও ফুলে-ফেঁপে উঠেছে তিস্তা নদী। পানি বৃদ্ধি পেয়ে নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে নদী তীরবর্তী বিভিন্ন নিম্নাঞ্চলে পানি প্রবেশ শুরু হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানির সমতল রেকর্ড করা হয় ৫২ দশমিক ২৮ মিটার, যা বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে। এর আগে সকাল ৬টাতেও একই উচ্চতায় পানি প্রবাহিত হয়।
পানি বৃদ্ধির কারণে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। এছাড়া জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিচু এলাকাতেও পানি প্রবেশ করেছে।
টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন বলেন, তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলে পানি প্রবেশ শুরু হয়েছে। পরিস্থিতির ওপর স্থানীয় প্রশাসন নজর রাখছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, বুধবার সকাল ৬টা থেকেই তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে রাতে পানি কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি আশা প্রকাশ করেন।


