https://asia24.tv


ছবি: -প্রতিনিধি
সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী রেলস্টেশনে একটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলপথে ঢাকাগামী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হলে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন।
এদিকে, সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় যমুনা সেতুর পশ্চিম পাড়ের সয়দাবাদ এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে। ফলে এ রুটে চলাচলকারী একাধিক ট্রেনের চলাচলে বিঘ্ন ঘটেছে।
রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা লাইনচ্যুত বগি উদ্ধার এবং দ্রুত রেল চলাচল স্বাভাবিক করতে কাজ করছেন। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।


