রেকর্ড তাপপ্রবাহে বিপর্যস্ত দক্ষিণ কোরিয়ায় দাবদাহজনিত কারণে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ুং চরম আবহাওয়াকে নতুন বাস্তবতা উল্লেখ করে জাতীয় দুর্যোগ ও সংকট মোকাবিলা ব্যবস্থার আমূল সংস্কারের আহ্বান জানিয়েছেন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট লি দাবদাহে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সহায়তা কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেন। একই সঙ্গে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেন।
প্রেসিডেন্ট লি বলেন, “চরম আবহাওয়া এখন ক্রমেই স্বাভাবিক ঘটনায় পরিণত হচ্ছে। তাই জাতীয় সংকট মোকাবিলা ব্যবস্থাকে সময়োপযোগী ও কার্যকর করতে আমাদের মৌলিক পরিবর্তন আনতে হবে।”
দক্ষিণ কোরিয়ার আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের বুসানের কাছের ইয়াংসান শহরে গত রোববার ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ১২২ বছরের আবহাওয়া পর্যবেক্ষণের ইতিহাসে এটিই দেশটির সর্বোচ্চ তাপমাত্রা।
এদিকে, সোমবার প্রথমবারের মতো রাজধানী সিউলের কিছু অংশ ও পার্শ্ববর্তী গিয়েওনগি প্রদেশে দাবদাহের সতর্কতা জারি করা হয়। মঙ্গলবার সেই সতর্কতা সম্প্রসারণ করে পুরো সিউল মহানগর এলাকায় কার্যকর করা হয়েছে।




মন্তব্য করুন