https://asia24.tv


প্রতিকী ছবি ছবি: -প্রতিনিধি
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে। ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতার আশায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন দফা আলোচনার ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম ৬ শতাংশের বেশি কমে গেছে। বাজার বিশ্লেষকদের মতে, নতুন কূটনৈতিক উদ্যোগের ইঙ্গিত সরবরাহ-সংক্রান্ত উদ্বেগ কমিয়ে বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে।
সোমবার ট্রাম্প ইরানের সঙ্গে নতুন করে আলোচনার ঘোষণা দেন। একই সঙ্গে সম্ভাব্য সমঝোতার সুযোগ সৃষ্টি করতে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা স্থগিত রাখার কথাও জানান তিনি। এর পরপরই আন্তর্জাতিক তেলের বাজারে বিক্রির চাপ বেড়ে যায়।
বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ৬ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৮২ দশমিক ৪১ ডলারে নেমে আসে।
ট্রাম্প বলেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনের লক্ষ্যে আলোচনার সুযোগ করে দিতেই সম্ভাব্য সামরিক পদক্ষেপ স্থগিত রাখা হয়েছে।
এদিকে, বৈশ্বিক শেয়ারবাজারে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এসঅ্যান্ডপি ৫০০ ফিউচার্স বেড়েছে ০ দশমিক ৪ শতাংশ এবং নাসডাক ফিউচার্স ০ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে, জাপানের নিক্কেই সূচক ১ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক ৩ দশমিক ৬ শতাংশ কমেছে।


