https://asia24.tv


প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের সাক্ষাৎ। ছবি: -সংগৃহীত
সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে বাংলাদেশে আরও বেশি মার্কিন বিনিয়োগ এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে সার্জিও গোর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, সরকারের পদক্ষেপে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসছে। ইতিবাচক সংকেত হিসেবে যুক্তরাষ্ট্র সম্প্রতি বাংলাদেশ সম্পর্কিত ভ্রমণ সতর্কতা সংশোধন করেছে, যা মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগে উৎসাহিত করবে।
বৈঠকে তথ্যপ্রযুক্তি, কৃষিখাত (সয়াবিন, তুলা, গম) এবং গুদামজাতকরণে মার্কিন বিনিয়োগ আকর্ষণে গভীর আগ্রহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। জবাবে সার্জিও গোর জানান, যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধিতে ওয়াশিংটন কাজ করবে। পাশাপাশি ঢাকায় ‘ইউএস ইনভেস্টর সামিট’ আয়োজন এবং বন্ধ থাকা মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) পরিদর্শন কার্যক্রম চালুর আশ্বাস দেন তিনি। তথ্যপ্রযুক্তি খাতে ‘প্যাক্স সিলিকা’ উদ্যোগে বাংলাদেশকে যুক্ত করার বিষয়েও ইতিবাচক বার্তা দেন মার্কিন দূত।
রোহিঙ্গা সংকটের বিষয়ে কক্সবাজার শিবির পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে সার্জিও গোর মানবিক সহায়তার জন্য বাংলাদেশের প্রশংসা করেন। অন্যদিকে, সংকটের শুরু থেকেই অর্ধেকের বেশি আন্তর্জাতিক সহায়তা দেওয়ায় মার্কিন সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। সার্জিও গোর আসিয়ান ও প্রতিবেশী দেশগুলোকে সঙ্গে নিয়ে রোহিঙ্গা সংকটের টেকসই ও রাজনৈতিক সমাধানের ওপর জোর দেন।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিন দিনের সফরে গত বৃহস্পতিবার ঢাকায় পৌঁছান সার্জিও গোর।
(সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি)


