https://asia24.tv


কিশোরীকে গাছে বেঁধে নির্যাতন। ছবি: -সংগৃহীত
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এক স্কুলছাত্রী ও তরুণকে দেবদারু গাছের সঙ্গে বেঁধে প্রকাশ্যে নির্যাতন চালানোর চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্ষোভ ও অপমানে ওই ছাত্রী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে বলে নিশ্চিত করেছে তার পরিবার।
ঘটনাটি ঘটে গত ২৮ জুলাই দুপুরে কাশিয়ানীর একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। ভুক্তভোগী মেয়েটি ওই প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয়দের দাবি, আগের দিন তাঁদের আপত্তিকর অবস্থায় দেখা গেছে—এমন অভিযোগে মেয়েটিকে বাইরে থেকে এবং তরুণকে বাড়ি থেকে ডেকে এনে বিদ্যালয়ে হাজির করা হয়। পরবর্তীতে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার লোকজনের উপস্থিতিতে তাঁদের গামছা দিয়ে গাছের সঙ্গে বেঁধে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালানো হয়।
উপস্থিত কয়েকজন ঘটনার ভিডিও ধারণ করে গত শুক্রবার রাতে ফেসবুকে ছেড়ে দিলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিও ছড়িয়ে পড়ার পরই মারাত্মক মানসিক যন্ত্রণায় ভুগে ওই ছাত্রী বিষপান করে। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে স্থানীয় উপস্বাস্থ্যকেন্দ্রে এবং পরে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে সেখানেই চিকিৎসাধীন।
অভিযুক্তদের মধ্যে নয়ন বাড়ৈ নামের এক যুবক দাবি করেন, তিনি দুজনকে ধরে বিদ্যালয়ে নিয়ে অভিভাবকদের হাতে দিতে চেয়েছিলেন, তবে নির্যাতনের বিষয়ে কিছু জানেন না। অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে এমন ঘটনা ঘটলেও তিন দিন ধরে বিদ্যালয় কর্তৃপক্ষ নীরব থাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিত সরকার জানান, ঘটনার দিন তিনি ও পরিচালনা কমিটির সভাপতি অনুপস্থিত ছিলেন। ঢাকায় থাকা সভাপতি ফিরলে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে।


