পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) অধীন পরিচালিত পল্লী উন্নয়ন দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) প্রায় সাড়ে ২৪ কোটি টাকা আত্মসাৎ ও লোপাটের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে এই অর্থ আত্মসাতের অভিযোগে পিডিবিএফের সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) মোট ৫ জনের বিরুদ্ধে দুটি  মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুদক।

সোমবার (৯ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে কমিশন থেকে মামলা দুটি অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন দুদক সচিব মো. সাইদুর রহমান খান।

দুদক সূত্রে জানা যায়, বোর্ড সভার সিদ্ধান্ত অমান্য করে অপর্যাপ্ত আর্থিক সক্ষমতাসম্পন্ন প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগের মাধ্যমে সরকারের প্রায় ২৪ কোটি ৭১ লাখ টাকার আর্থিক ক্ষতি করার অভিযোগে মামলা দুটি দায়ের করা হবে। এতে পিডিবিএফের সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ মোট পাঁচজনকে আসামি করা হচ্ছে।

অনুমোদিত প্রথম মামলায় ১ কোটি ১ লাখ ৮৪ হাজার ১২০ টাকার সরকারি অর্থ ক্ষতির অভিযোগ আনা হয়েছে। এ মামলার আসামিরা হলেন—পিডিবিএফের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান, সাবেক পরিচালক (অর্থ) মদন মোহন সাহা, সাবেক যুগ্ম পরিচালক (অর্থ) শহীদুল হক খান এবং সাবেক সহকারী পরিচালক মো. আতাউর হোসেন। তাদের বিরুদ্ধে পিডিবিএফের বোর্ড সভার সিদ্ধান্ত অমান্য করে অপর্যাপ্ত আর্থিক সক্ষমতাসম্পন্ন প্রতিষ্ঠানে সরকারি অর্থ বিনিয়োগের মাধ্যমে নিজেরা লাভবান হওয়ার অভিযোগ রয়েছে।

দ্বিতীয় মামলায় ২৩ কোটি ৬৯ লাখ ৩০ হাজার ১১১ টাকার আর্থিক ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে। এ মামলার আসামিরা হলেন—পিডিবিএফের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মদন মোহন সাহা, সাবেক যুগ্ম পরিচালক (অর্থ) শহীদুল হক খান এবং সাবেক উপপরিচালক রুবী খাতুন। এ ক্ষেত্রেও বোর্ড সভার সিদ্ধান্ত অমান্য করে অপর্যাপ্ত আর্থিক সক্ষমতাসম্পন্ন প্রতিষ্ঠানে সরকারি অর্থ বিনিয়োগের মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি করার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।

দুটি মামলাতেই আসামীদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হচ্ছে।