শেরপুরে জমিসংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে হত্যাকাণ্ডের শিকার হলেন জিন্নাত আলী (৬৫) নামে এক ব্যক্তি। ভাতিজাদের অতর্কিত ও নৃশংস হামলায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই নৃশংসতার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয় এবং বিক্ষুব্ধ জনতা হামলাকারীদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়।
রোববার (৮ নভেম্বর) রাতে সদর উপজেলার কুসুমহাটি কাজিরচর গ্রামে এই হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। নিহত জিন্নাত আলী (৬৫) ওই এলাকার মৃত টন মাহমুদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কাজিরচর গ্রামের জিন্নাত আলীদের সঙ্গে তার আপন ভাতিজা জসিম, মাজহার ও নজরুল ইসলামের বিরোধ চলছিল। এর জেরে রোববার বিকেলে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে জসিমসহ কয়েকজন জিন্নাত আলীকে কিল-ঘুসি ও ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যান।
পরে আহত অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাতে বিক্ষুব্ধ জনতা ভাতিজাদের বাড়িতে অগ্নিসংযোগ করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং এলাকায় উত্তেজনা ছিল, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। এ ঘটনায় পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।





মন্তব্য করুন