https://asia24.tv


তারেক রহমান এবং মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ছবি: -সংগৃহীত
ইরানের হামলার পর বাংলাদেশ সংহতি প্রকাশ করায় গভীর ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। একই সঙ্গে তিনি সুবিধাজনক প্রথম সুযোগেই বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার ঢাকার ইউএই দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে ইউএই প্রেসিডেন্ট দুই দেশের মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও সুদৃঢ় করার এই অঙ্গীকার ব্যক্ত করেন।
হামলায় সংযুক্ত আরব আমিরাতে কর্মরত দুই প্রবাসী বাংলাদেশি নাগরিক নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেন শেখ মোহাম্মদ। তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের পাশাপাশি বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
চিঠিতে ইউএই প্রেসিডেন্ট উল্লেখ করেন, যৌথ অর্থনৈতিক, উন্নয়ন ও মানবিক খাতে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দুই দেশের ঐতিহাসিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব। প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বাংলাদেশ সফরের আমন্ত্রণ সানন্দে গ্রহণ করে তিনি আশা প্রকাশ করেন যে, এই সফর দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যকার সুদৃঢ় বন্ধুত্ব ও আঞ্চলিক স্থিতিশীলতার লক্ষ্যকে আরও জোরদার করবে।
পারস্পরিক শ্রদ্ধা ও গভীর সম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে ওঠা বাংলাদেশ-ইউএই সম্পর্ক আগামীতে আরও সমৃদ্ধ হবে বলে চিঠিতে আশাবাদ ব্যক্ত করা হয়। (সূত্র: বাসস)


