https://asia24.tv


সার্জিও গোর। ছবি: -সংগৃহীত
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের অংশ হিসেবে প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
ঢাকা সফরকালে বিশেষ দূত গোর প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি তিনি রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় এবং কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন।
কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে, এ সফরের অন্যতম প্রধান লক্ষ্য বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার বোঝা এবং ঢাকা-ওয়াশিংটন সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাওয়া। বিশেষ করে গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর, পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের ফলে তৈরি হওয়া আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনৈতিক সমীকরণ পরখ করতে চায় ট্রাম্প প্রশাসন।
উল্লেখ্য, ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবং প্রেসিডেন্টের বিশেষ দূতের দ্বৈত দায়িত্বে থাকা সার্জিও গোর ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তাঁর এই সফরের মাধ্যমে ঢাকা-দিল্লি সম্পর্কের অগ্রগতি এবং ভারতের নরেন্দ্র মোদি সরকারের সঙ্গে যোগাযোগ জোরদারে ওয়াশিংটন কোনো বিশেষ বার্তা পৌঁছে দিতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে বেইজিং, মস্কো ও আঙ্কারার সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক তৎপরতা নিয়ে আলোচনা হতে পারে।
ইতোপূর্বে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ ঢাকা সফর করেছিলেন। সম্প্রতি ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশেষ দূত গোরের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দ্বিপক্ষীয় দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।


