https://asia24.tv


ছবি: -ফাইল ছবি
২০২৫-২৬ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়নের হার নেমে এসেছে ৬৭.৫২ শতাংশে, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে সংশোধিত এডিপির আওতায় মোট ১ লাখ ৪১ হাজার ৭১ কোটি ৮০ লাখ টাকা খরচ হয়েছে। এর আগের ২০২৪-২৫ অর্থবছরে বাস্তবায়ন হয়েছিল ১ লাখ ৫৪ হাজার ১৮৯ কোটি ৮৩ লাখ টাকা, যা ছিল মোট বরাদ্দের ৬৮.১৮ শতাংশ। ফলে টানা দ্বিতীয় বছরের মতো এডিপি বাস্তবায়নের হার ৭০ শতাংশের নিচে রইল।
আইএমইডির তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত পাঁচ বছর ধরে এডিপি বাস্তবায়নে টানা নিম্নগতি চলছে। ২০২১-২২ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ছিল সর্বোচ্চ ৯২.৭৪ শতাংশ। পরবর্তী ২০২২-২৩ অর্থবছরে তা কমে ৮৫.১৭ শতাংশে এবং ২০২৩-২৪ অর্থবছরে আরও নেমে ৮০.৬৩ শতাংশে দাঁড়ায়।
পরপর দুই অর্থবছরে বাস্তবায়নের হার আশঙ্কাজনকভাবে কমে যথাক্রমে ৬৮.১৮ ও ৬৭.৫২ শতাংশে ঠেকেছে। উন্নয়ন প্রকল্পের এই টানা ধীরগতি দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড ও পরিকাঠামো উন্নয়নের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


