ঢাকা
২৯ জুলাই ২০২৬
শিরোনাম
আগস্টে ঢাকায় আসছে বিশ্বব্যাংকের দুই প্রতিনিধিদল হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে বারবার পুলিশের বাধা, সড়কে নেতাদের অবস্থান ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় নয়াদিল্লি: দীনেশ ত্রিবেদী রাকসু ভিপির মন্তব্যের প্রতিবাদে সাংবাদিকদের কর্মসূচি বর্জন, ২৪ ঘণ্টার আলটিমেটাম শাপলা চত্বরের মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী কারখানা সচল রাখতে সিএনজি স্টেশনের গ্যাস চায় বিজিএমইএ ও বিকেএমইএ আন্তর্জাতিক লেনদেন সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনসহ ৫ জন যশোরে গ্রেপ্তার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের মান নিয়ে যা বলল এইচআরডব্লিউ
Advertise with us

রাকসু ভিপির মন্তব্যের প্রতিবাদে সাংবাদিকদের কর্মসূচি বর্জন, ২৪ ঘণ্টার আলটিমেটাম

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২৯ জুলাই ২০২৬   ০ বার পঠিত
রাকসু ভিপির মন্তব্যের প্রতিবাদে সাংবাদিকদের কর্মসূচি বর্জন, ২৪ ঘণ্টার আলটিমেটাম

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ।  ছবি: -সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদের ‘বিতর্কিত’ ও ‘হুমকিধর্মী’ মন্তব্যের প্রতিবাদে রাকসুর সব ধরনের কর্মসূচি বর্জনের ঘোষণা দিয়েছে ক্যাম্পাসের তিনটি সক্রিয় সাংবাদিক সংগঠন। সেই সঙ্গে ভিপি আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে সারা দেশের সাংবাদিকদের সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আজ বুধবার (২৯ জুলাই) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস), রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (রুরু) যৌথভাবে এক প্রতিবাদলিপি জারি করে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানায়।

প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়, প্রক্টর দপ্তরে অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং পরবর্তীতে রাকসু ভবন ও গ্রন্থাগারে হামলার জেরে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা প্রশ্ন করলে ভিপি সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ ছাড়াই সাংবাদিকদের ওপর ক্ষুব্ধ হন। তিনি সাংবাদিকদের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পক্ষ নেওয়ার অভিযোগ আনেন এবং তাঁদের বিরুদ্ধে ‘তথ্য জড়ো করে ব্যবস্থা নেওয়া’র হুমকি দেন। নির্বাচিত একজন ছাত্র প্রতিনিধির মুখে স্বাধীন সাংবাদিকতা নিয়ে এমন মন্তব্যকে অত্যন্ত অপমানজনক ও আপত্তিকর মনে করছেন সাংবাদিক নেতারা।

সাংবাদিক সংগঠনগুলোর মতে, কোনো সংবাদ প্রকাশ বা শব্দ প্রয়োগ নিয়ে আপত্তি থাকলে ভিপি লিখিতভাবে প্রতিবাদ জানাতে পারতেন। কিন্তু তার বদলে ঢালাওভাবে ‘ট্যাগিং’ করা ও ব্যবস্থা নেওয়ার হুমকি প্রদান স্বাধীন গণমাধ্যমের চর্চাকে চরমভাবে বাধাগ্রস্ত করে। কোনো ছাত্র প্রতিনিধি বা ছাত্র সংসদ আইন প্রয়োগকারী সংস্থার বিকল্প হতে পারে না। ফলে নিঃশর্ত ক্ষমা না চাওয়া পর্যন্ত তিন সংগঠনের কোনো প্রতিনিধি রাকসুর কোনো কার্যক্রমের সংবাদ কভার করবেন না।

এদিকে একই ঘটনায় পৃথক বিজ্ঞপ্তিতে তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাজশাহী টেলিভিশন জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (আরটিজেএ)। সংগঠনের নেতারা জানান, সাংবাদিকদের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন পেশাগত নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। তারা এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে গুরুত্বের সঙ্গে তদন্ত করার আহ্বান জানিয়েছেন এবং রাকসু ভিপির কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যার দাবি করেছেন।

এর আগে সোমবার সংবাদ সম্মেলনে ভিপি মোস্তাকুর রহমান সাংবাদিকদের ব্যবহৃত শব্দের ওপর আপত্তি জানিয়ে বলেন, “আপনারা কালকে ছাত্রলীগকে ডিফেন্স করে অনেকে নিউজ করেছেন… আমরা সেগুলো জড়ো করে করে ব্যবস্থা নেব। আপনারা এত মায়াকান্না দেখান কেন ছাত্রলীগের প্রতি?” তাঁর এই বক্তব্যকে কেন্দ্র করেই বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa