কুষ্টিয়ায় সরকারি কলেজের ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান চলাকালে ডিবি (গোয়েন্দা) পুলিশের ওপর মাদক ব্যবসায়ীদের সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের তিন সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুজন উপপরিদর্শক (এসআই) ও একজন কনস্টেবল রয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
ঘটনার পর তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তবে পুলিশের পক্ষ থেকে ঘটনাটিকে ভুল বোঝাবুঝি বলে দাবি করা হয়েছে।
আহতরা হলেন, ডিবি পুলিশের উপপরিদর্শক (এস আই) জনি, এসআই জিহাদ ও কনস্টেবল ইমরান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে যায়। এ সময় সেখানে পুলিশের সদস্যদের সঙ্গে কথা কাটাকাটি হলে তাদের উপর হামলার ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়।
পরে রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ডিবি পুলিশের সদস্যরা চিকিৎসা শেষে তারা হাসপাতাল ত্যাগ করেন।
এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন বলেন, শুনেছি পুলিশ সদস্যরা চিকিৎসা নিয়েছেন। তবে হাসপাতালের রেজিস্ট্রার খাতায় তাদের নাম উল্লেখ নেই।
ঘটনায় কারা জড়িত, কী কারণে পুলিশের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফারুকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযানে গিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন বলেন, এ রকম কোন ঘটনা ঘটেনি। একটু ভুল বোঝাবুঝির ব্যাপার আছে। নিজেদের মধ্যে কথা বলে শেষ করছি। বিস্তারিত পরে জানাতে পারবো।





মন্তব্য করুন