ঝালকাঠিতে নানাবাড়িতে বেড়াতে গিয়ে ভিমরুলের কামড়ে রেদোয়ান নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের মকরমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রেদোয়ান সদর উপজেলার বেতরা গ্রামের আসাদুল ইসলাম ও রিতা দম্পতির ছেলে। সকালে মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে যায় সে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নানাবাড়ির দক্ষিণ পাশের উঠানে খেলছিল রেদোয়ান। এ সময় সে একটি ভিমরুলের বাসার কাছে চলে যায়। পরে একাধিক ভিমরুল তাকে আক্রমণ করে। এতে শিশুটির শরীরের বিভিন্ন স্থানে হুল ফোটে।

শিশুটির চিৎকার শুনে তার নানি জোসনা বেগম ছুটে গিয়ে উদ্ধারের চেষ্টা করেন। এ সময় তিনিও ভিমরুলের আক্রমণের শিকার হন।

পরে রেদোয়ানকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. টি.এম. মেহেদী হাসান (সানি) বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। একাধিক ভিমরুলের হুলের তীব্র বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।