দেশে আত্মহত্যার হার শূন্যের কোঠায় নামিয়ে আনতে সরকার জোরালোভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, আত্মহত্যার মতো ভয়াবহ সামাজিক ব্যাধি প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, বরং সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডির ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন মিলনায়তনে ‘বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অ্যাসোসিয়েশন ফর ডিজঅ্যাবলড পিপল (এডিপি) এবং রোটারি ক্লাব আহসান মঞ্জিল যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে উপস্থিত তরুণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে আত্মহত্যাকে সরাসরি ‘না’ বলার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জীবনে যত বড় প্রতিকূলতাই আসুক না কেন, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। ব্যর্থতায় হতাশ না হয়ে সাফল্য না আসা পর্যন্ত বারবার চেষ্টা চালাতে হবে, কারণ নিরন্তর প্রচেষ্টার মাধ্যমেই মানুষ উন্নতির শিখরে পৌঁছায়।
মানসিক স্বাস্থ্য সুরক্ষায় পারিবারিক যোগাযোগ বাড়ানোর তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, সন্তানদের পরিবারের প্রতি আরও দায়িত্বশীল হতে হবে এবং পরস্পরের মধ্যে মনের কথা ও হতাশার অনুভূতিগুলো ভাগ করে নিতে হবে। যেসব বিষয় মা-বাবার কাছে প্রকাশ করা কঠিন, তা নির্ভরযোগ্য বন্ধুদের সঙ্গে শেয়ার করা উচিত; এতে মানসিক চাপ অনেকাংশে কমে আসে।
সমাজকে অন্ধ গড্ডলিকা প্রবাহে চলতে না দেওয়ার আহ্বান জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, চিরাচরিত ধারণার বাইরে এসে ইতিবাচক চিন্তাভাবনা, পারস্পরিক সহমর্মিতা ও পারিবারিক বন্ধন সুদৃঢ় করার মাধ্যমে সমাজকে এগিয়ে নিতে হবে।
এডিপির চেয়ারম্যান রওশন আরা জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেন। এতে স্বাগত ও ধন্যবাদ জ্ঞাপন করেন ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশনের অধ্যক্ষ আফরোজা শারমিন।





মন্তব্য করুন