https://asia24.tv


ছবি: -সংগৃহীত
ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ জন তরুণ প্রাণ হারিয়েছেন। কেরালা পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, নিহতরা সবাই প্রতিবেশী রাজ্য তামিলনাড়ু থেকে আসা শিক্ষার্থী।
শুক্রবার রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে ত্রিশুর জেলার কাইপামঙ্গলম সংলগ্ন পানাম্বিক্কুন্নু এলাকার মহাসড়কে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে।
পুলিশ ও উদ্ধারকারী সূত্রের তথ্যমতে, তামিলনাড়ুর রেজিস্ট্রেশন নম্বরযুক্ত একটি প্রাইভেট গাড়িতে চড়ে তরুণদের দলটি গুরুবায়ুর থেকে কোদুঙ্গাল্লুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে গাড়িটির চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারালে বাহনটি রাস্তার পাশে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে সজোরে ধাক্কা দেয়। বিকট শব্দের পর গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং এতে ঘটনাস্থলেই সাতজন প্রাণ হারান। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আরও একজনকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার বার্তা পেয়ে তাৎক্ষণিকভাবে কেরালা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা যৌথভাবে উদ্ধার তৎপরতা শুরু করেন। দুমড়েমুচড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে মরদেহের খণ্ডাংশ বের করে ময়নাতদন্তের উদ্দেশ্যে ত্রিশুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
দুর্ঘটনাকবলিত গাড়ির নথি পরীক্ষা করে পুলিশ প্রাথমিক নিশ্চিত হয়েছে যে, দুর্ঘটনায় শিকার তরুণেরা তামিলনাড়ুর একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।


