https://asia24.tv


ছবি: -সংগৃহীত
জাতীয় সংসদে গানবাদ্য নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) বয়কট করে মধ্যরাতে বিক্ষোভ ও মিছিল করেছেন ব্রাহ্মণবাড়িয়ার মাদরাসা শিক্ষার্থীরা। ‘ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্য’-এর ব্যানারে শনিবার (২৯ আগস্ট) মধ্যরাতে জেলা শহরে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাতে শহরের জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সামনে কওমি ছাত্র ঐক্যের ব্যানারে প্রথমে এক সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে ক্ষুব্ধ শিক্ষার্থীরা হাসনাত আবদুল্লাহ ও এনসিপিবিরোধী বিভিন্ন তীব্র স্লোগান দেন। তারা প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিসহ সংগঠনটির নানা নীতি ও বক্তব্যের সমালোচনা করেন।
বিক্ষোভ সমাবেশ থেকে আন্দোলনকারীরা কড়া হুঁশিয়ারি দিয়ে জানান, বিতর্কিত মন্তব্য প্রত্যাহার করে হাসনাত আবদুল্লাহ প্রকাশ্যে ক্ষমা না চাইলে শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় নির্ধারিত এনসিপির সব ধরনের কর্মসূচি প্রতিহত করা হবে।
উল্লেখ্য, শনিবার বিকেল চারটায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির একটি সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই অনুষ্ঠানে সারজিস আলমসহ জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন নীতি-নির্ধারক ও শীর্ষপর্যায়ের নেতাদের উপস্থিত থাকার কথা ছিল। মাদরাসা শিক্ষার্থীদের এমন আলটিমেটাম ও বিক্ষোভের পর জেলা শহরে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।


