অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তের কারণে তৈরি বিদ্যুৎ ও জ্বালানি সংকটের খেসারত জাতিকে দিতে হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণকে এই ভোগান্তি থেকে মুক্ত করতে বর্তমান সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

শনিবার (৮ আগস্ট ২০২৬) জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, “রাষ্ট্র, রাজনীতি ও প্রশাসনে আশ্রয় নেওয়া ফ্যাসিবাদের সুবিধাভোগীরা বসে নেই। এই চক্রটি চক্রান্ত করে দেশের জ্বালানি খাতকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে এবং নানা বিভ্রান্তি ছড়াচ্ছে।” তিনি স্বীকার করেন যে দেশে বর্তমানে গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকট রয়েছে। ভেঙে পড়া অর্থনীতি ও ভঙ্গুর খাতের দায়িত্ব নিয়ে বর্তমান সরকার ইতোমধ্যে টেকসই পরিকল্পনা গ্রহণ করে কাজ শুরু করেছে।

সমাবেশ অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সংসদ ভবন প্রাঙ্গণে নিম ও অর্জুনের চারা রোপণ করেন। পরবর্তীতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে চিকিৎসক সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের সভাপতিত্বে ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।