https://asia24.tv


আদালতে লতিফ সিদ্দিকী ছবি: -সংগৃহীত
রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে গুলশানের নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবি কর্মকর্তা জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারিকৃত পরোয়ানা অনুযায়ীই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে আজ সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে সন্ত্রাসবিরোধী আইনের অন্য একটি মামলায় হাজিরা দিতে যান লতিফ সিদ্দিকী। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, শাপলা চত্বরের মামলায় তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারির বিষয়টি তিনি জানতে পেরেছেন এবং ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, তার আগে পুলিশ গ্রেপ্তার না করলে আগামী সপ্তাহের রবি বা সোমবার তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে জামিনের আবেদন করবেন।
তবে শাপলা চত্বরের ঘটনার সঙ্গে নিজের কোনো ধরনের সম্পৃক্ততা অস্বীকার করে সাবেক এই মন্ত্রী বলেন, “আমি তৎকালীন সময়ে সরকারের মন্ত্রী থাকলেও শাপলা চত্বরের ঘটনা বা ওই সময়ের কোনো বিষয়ে আমার কিছু জানা ছিল না। আমি সাধারণত আত্মগোপন করি না, সব সময় আত্মপ্রকাশ করি। সে কারণেই আজ আদালতে হাজিরা দিতে এসেছিলাম।”
উল্লেখ্য, টাঙ্গাইল থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের পাট ও বস্ত্রমন্ত্রীর দায়িত্ব পান। তবে ২০১৪ সালে হজ নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে তিনি মন্ত্রিত্ব হারান এবং আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হন। ২০২৪ সালের নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে একই বছর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর সংসদ বিলুপ্ত হলে তাঁর পদ বাতিল হয়। এর আগে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হলেও পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পান।


