https://asia24.tv


ট্রাইব্যুনাল। ছবি: -ফাইল ছবি
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে প্ররোচনা, সহযোগিতা ও উসকানি দেওয়ার অভিযোগে ২ জন সাংবাদিক এবং ২৫ জন নাট্যব্যক্তিত্ব ও অভিনয়শিল্পীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ করা হয়েছে। আজ রোববার ‘রাষ্ট্রসংলাপ ফোরাম’ নামের একটি সংগঠন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এই আবেদন জমা দেয়।
অভিযোগ ওঠা দুই সাংবাদিক হলেন—আনিস আলমগীর ও সোমা ইসলাম। অন্যদিকে অভিনয় ও নাটক পেশার সঙ্গে জড়িত অভিযুক্ত ২৫ জনের মধ্যে রয়েছেন কারাবন্দী সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।
তালিকায় থাকা অন্য অভিনয়শিল্পীরা হলেন—মেহের আফরোজ শাওন, রিয়াজ আহমেদ, অরুণা বিশ্বাস, শমী কায়সার, রোকেয়া প্রাচী, মাহিয়া মাহি, নিপুণ আক্তার, তানভীন সুইটি, হৃদি হক, জ্যোতিকা জ্যোতি, সাজু খাদেম, সোহানা সাবা, পিয়া জান্নাতুল, শামীমা তুষ্টি, আশনা হাবীব ভাবনা, সাইমন সাদিক, সুজাতা আজিম, জায়েদ খান, আজিজুল হাকিম, চন্দন রেজা, মারিয়া কিসপট্টা, শান্তা ফারজানা মোবিন মেহেদী ও আশরাফুল হোসেন আলম (হিরো আলম)।
অভিযোগ দাখিলের পর রাষ্ট্রসংলাপ ফোরামের সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস সাংবাদিকদের জানান, উল্লেখিত ২৭ জন ব্যক্তি বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর দমনপীড়ন ও মানবতাবিরোধী অপরাধে সরাসরি প্ররোচনা ও উসকানি দিয়েছেন। তাই বিষয়টির একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনানুগ তদন্ত দাবি করছেন তাঁরা।
এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এটি প্রাথমিক প্রক্রিয়া হিসেবে তদন্ত সংস্থায় পাঠানো হবে। পরবর্তীতে তদন্ত সংস্থা অভিযোগের সত্যতা ও সার্বিক বিষয় খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেবে।


