বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় দেখা দিয়েছে তীব্র বৈরী আবহাওয়া। মেঘলা আকাশ, থেমে থেমে ভারী বৃষ্টিপাত এবং দমকা বাতাসের কারণে উত্তাল হয়ে উঠেছে সাগর। সৃষ্ট বিশাল ঢেউ ও প্রতিকূল পরিস্থিতির মুখে মাছ ধরতে না পেরে কূলের দিকে ফিরে আসছেন উপকূলীয় এলাকার জেলেরা। নিরাপদ আশ্রয়ের খোঁজে পটুয়াখালীর আলীপুর ও মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রসহ আশেপাশের নদীগুলোতে ভিড়েছে চট্টগ্রাম, বাঁশখালী, ভোলা এবং কক্সবাজার থেকে আসা শত শত মাছ ধরার ট্রলার।

দীর্ঘ ৬৫ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে নতুন উদ্যমে সমুদ্রে নেমেছিলেন উপকূলীয় জেলেরা। তবে সাগরে নামতে না নামতেই বঙ্গোপসাগরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি হওয়ায় তাঁদের সেই প্রত্যাশায় বড় ধাক্কা লেগেছে। ঘাটে এখন শত শত ট্রলার গাদাগাদি করে নোঙর করে আছে। সাগরে যেতে না পেরে আয় পুরোপুরি বন্ধ হলেও অন্যদিকে নিয়মিত খাবার, বরফ, ট্রলার রক্ষণাবেক্ষণ এবং জ্বালানি তেলের বর্ধিত ব্যয় মেটাতে হচ্ছে ট্রলারমালিকদের। ফলে সাগরে না গিয়েও ঘাটে বসেই প্রতিদিন বড় অঙ্কের আর্থিক লোকসান গুনতে হচ্ছে তাঁদের।

সরেজমিনে আলীপুর ও মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র ঘুরে দেখা যায়, পুরো বন্দর এলাকা ট্রলারে পরিপূর্ণ। ঘাটে অবস্থানরত জেলেদের অনেকেই নতুন করে বাজার-সদাই, বরফ ও জ্বালানি সংগ্রহ করে আবহাওয়া স্বাভাবিক হওয়ার প্রহর গুনছেন। আবার অনেক ট্রলার কয়েক দিন সাগরে অবস্থান করলেও পর্যাপ্ত মাছ না পেয়ে লোকসান মাথায় নিয়েই ঘাটে ফিরে এসেছে। বাঁশখালী থেকে আসা ট্রলার মাঝি খয়েব ও স্থানীয় সুলতান মাঝি জানান, জ্বালানি তেলের অস্বাভাবিক দাম বাড়ার পর সাগরে গিয়ে আশানুরূপ মাছ না পেলে পরিচালন ব্যয় তোলাই অসম্ভব হয়ে পড়ে। তার ওপর হঠাৎ সাগর উত্তাল হওয়ায় জীবনের ঝুঁকিতে তীরে ফিরতে বাধ্য হয়েছেন তাঁরা। কুয়াকাটার ক্ষুদ্র জেলেরা, যারা দৈনিক উপার্জনের ওপর নির্ভরশীল, টানা কয়েক দিন সাগরে যেতে না পেরে তাদের পরিবারে আর্থিক সংকট তীব্র রূপ নিয়েছে।

স্থানীয় আড়তদার ও মৎস্য ব্যবসায়ীরা জানান, সমুদ্রে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মাছের সরবরাহ প্রায় শূন্যে কোঠায় নেমে এসেছে। এতে শুধু জেলে বা ট্রলারমালিকেরা নন, চরম সংকটে পড়েছেন বরফকলের মালিক, পরিবহন শ্রমিক, আড়তদারসহ পুরো মৎস্য খাতের সাথে যুক্ত হাজারো মানুষ। স্থানীয় বাজারসহ ঢাকা ও চট্টগ্রামে মাছ সরবরাহ স্বাভাবিক হতে আবহাওয়া দ্রুত অনুকূলে আসার কোনো বিকল্প নেই।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিস জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণসহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং সমুদ্র উত্তাল থাকায় নিম্নচাপটি আরও ঘনীভূত হতে পারে বলে সতর্ক করা হয়েছে। ২৫ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর গভীর সমুদ্রে অবস্থানরত সব মাছ ধরার ট্রলার ও নৌযানকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে।

চলতি মৌসুমে দীর্ঘ আইনি ও সরকারি নিষেধাজ্ঞার পরপরই বৈরী আবহাওয়ার কবলে পড়ে নিঃস্ব হওয়ার উপক্রম উপকূলের জেলেদের। এখন আবহাওয়া স্বাভাবিক হওয়ার অপেক্ষায় পটুয়াখালীর ঘাটে ঘাটে দিন কাটছে হাজার হাজার ট্রলার জেলের, যদিও এই অস্থিতিশীল পরিস্থিতি দীর্ঘায়িত হলে উপকূলীয় অর্থনীতিতে আরও বড় ধরনের ধস নামার আশঙ্কা দেখা দিয়েছে।