পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতার কালীঘাটের বাসভবনের সামনে তার ওপর হামলার একটি বড়সড় চেষ্টা নস্যাৎ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে ছুরি হাতে সন্দেহভাজন এক নারীকে আটক করা হয়েছে। এই ঘটনার পর রাজ্যের রাজনৈতিক মহলে এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র চাঞ্চল্য ও গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের (মমতাপন্থি) সাধারণ সম্পাদক দোলা সেন।
এ ঘটনায় কালীঘাট থানায় ইতোমধ্যে অভিযোগ দায়ের করেছেন দোলা সেন। অভিযোগে দোলা বলেছেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এবং তৃণমূল কংগ্রেসের মমতাপন্থি নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় কালীঘাট মিলন সঙ্ঘের পূজায় যোগ দিতে মমতার বাড়ি থেকে বের হচ্ছিলেন। বাড়ির গেট পেরোনোর পর এক নারী মমতাকে ‘পিসি’ সম্বোধন করে ছুটে আসেন এবং মমতার ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেন। মমতার সাথে থাকা লোকজন তা প্রতিহত করার পর ওই নারী রাস্তায় শুয়ে গালিগালাজ করতে থাকনে।
অভিযোগে তৃণমূল সাধারণ সম্পাদক বলেছেন, ওই নারী মদ্যপ ছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তেড়ে আসার সময় ওই নারীর হাতে ছুরি ছিল। আরও বলেন, এ ঘটনার পর তারা সেখানে দাঁড়িয়ে থাকা ২ পুলিশ কর্মীর কাছে অভিযোগ করেছিলেন, কিন্তু তারা নিজেদের রাজ্যপুলিশের কর্মী বলে জানান এবং বলেন, কলকাতা পুলিশের অধীনে থাকা এলাকায় তারা কিছু করতে পারবেন না।
এদিকে রাতে হামলাকারী ওই নারীকে আটকের তথ্য নিশ্চিত করেছে কলকাতা পুলিশ। পুলিশসূত্রে জানা গেছে, ওই নারীর নাম অনুসূয়া সাহা এবং তিনি কলকাতার নিউ আলিপুরের বাসিন্দা। এক সময় সিভিক ভলান্টিয়ার (কমিউনিটি পুলিশ) ছিলেন, তবে গত এক বছর ধরে ডিউটিতে ছিলেন না তিনি।
সূত্র : এনডিটিভি/ আনন্দবাজার





মন্তব্য করুন