জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি বলেছেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে, তবে এর জন্য বিদ্যমান সংবিধান পরিবর্তন বা সংশোধন করা বাধ্যতামূলক। সংবিধানের কাঠামোগত পরিবর্তন ছাড়া এই সনদ বাস্তবায়ন করা কোনোভাবেই সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। সেই বাস্তবায়নের লক্ষ্যে এখানে সংবিধান সংশোধনের জন্য কমিটি গঠন করা হয়েছে। এখানে বিরোধীদলকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের প্রাপ্য বরাদ্দ- সদস্য পদ রাখা হয়েছে। সংবিধান পরিবর্তন না করলে জুলাই সনদ বাস্তবায়ন করা যাবে না।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, সরকার দৃঢ়প্রতিজ্ঞ, সংবিধান সংস্কার করে জুলাই সনদ বাস্তবায়ন করে এই দেশে ফ্যাসিস্টদের আবির্ভাব চিরতরে বন্ধ হয়ে যায়। সেইজন্যই সরকার কাজ করে যাচ্ছে। একটি গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তাই আমি বিরোধীদলকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সংসদীয় কমিটিতে আসুন, আপনাদের বক্তব্য দিন, সংবিধান সংশোধন করে, জুলাই সনদ বাস্তবায়ন করে যারা শহীদ হয়ে গেছেন সে সমস্ত ছাত্রছাত্রীর বা নেতাকর্মীর চাওয়াকে আমরা সম্মান দেই এবং সেই চাওয়াকে আমরা বাস্তবায়ন করি। আমরা এই দেশে একটি গণতান্ত্রিক সমাজকে প্রতিষ্ঠা করি। কোনোদিনই যেন আর এখানে ফ্যাসিস্ট-এর আর আগমন না ঘটতে পারে। গণতন্ত্র থাকলেই উন্নয়ন হবে এবং গণতন্ত্র থাকলেই নাগরিক অধিকার আসবে।
তিনি আরও বলেন, সরকার সকল ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন, অপচয় বন্ধ ও দুর্নীতি বন্ধে বদ্ধপরিকর। আমাদের সরকার ব্যাপকভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করছে। যাতে দেশে বিদেশে কর্মের সৃষ্টি হয়। আমরা মানবসম্পদ উন্নয়নের চেষ্টা করছি। এভাবেই আমাদের দেশকে আমরা গড়ে তুলতে চাই। আমাদের নেতা প্রধানমন্ত্রী অত্যন্ত সাধাসিধে জীবনযাপন করছেন আপনারা দেখতে পাচ্ছেন।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এএনএম ওয়াসিম ফিরোজ এবং জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুল মতিন।





মন্তব্য করুন