https://asia24.tv


ছবি: -প্রতিনিধি
লংমার্চের কর্মসূচির সুযোগ নিয়ে ফ্যাসিবাদের দোসররা পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেন, দেশের চলমান গণতান্ত্রিক অগ্রযাত্রা ও শান্তি বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা এলাকায় তাহমিনা মোছলেহ উদ্দিন উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিরোধী দলের লংমার্চ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, পাঁচ বছরের জন্য জনগণ সরকারকে দায়িত্ব দিয়েছে। ছয় মাসের মাথায় এমন কী হলো যে লংমার্চ করতে হবে? এই সংকটের সময়ে লংমার্চে লাখো লিটার জ্বালানি তেল খরচ হয়েছে। আমরা স্বীকার করি, উত্তরাধিকার সূত্রে তেল ও গ্যাসের সংকট তৈরি হয়েছে। সরকার স্থায়ীভাবে এই সমস্যা সমাধানের চেষ্টা করছে।
তিনি বলেন, লংমার্চের মাধ্যমে ছয় মাসের মধ্যে সরকারকে টেনেহিঁচড়ে নামাতে চায় তারা। কিন্তু জনগণকে সাময়িক কষ্ট দেওয়া গেলেও বিভ্রান্ত করা যাবে না। আমরা কাজ করে যাচ্ছি। কাজেই প্রমাণ হবে তারেক রহমানের সরকার জনগণের জন্য কী কী কাজ করছে।
শরীফুল আলম আরও বলেন, জনগণের কাছ থেকে আমরা ম্যান্ডেট নিয়েছি, জনগণের সমর্থন নিয়ে আমরা ক্ষমতায় এসেছি। যদি তাদের চাহিদা পূরণ করতে না পারি, জনগণই আগামী দিনে আমাদের জবাব দেবে।
বিদ্যালয়ের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বাতির নিচে অন্ধকার। পৌরসভার নিকটবর্তী গোছামারা এলাকার একটি স্কুলের এমন দুর্দশা, ভেতরে না এলে বোঝার উপায় নেই। জরাজীর্ণ অবস্থার পাশাপাশি এখানে একটি খেলার মাঠও নেই।
তিনি বলেন, নির্বাচনী ইশতেহার ও সরকারের প্রতিশ্রুতির অংশ হিসেবে তাহমিনা মোছলেহ উদ্দিন উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ১ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে চারতলা ভিতের ওপর একতলা ভবনটি নির্মাণ করা হবে।
এর আগে সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী। পরে বেলা সাড়ে ১২টার দিকে এলজিইডির নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ১ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে ভৈরব হাইওয়ে থানার পেছন থেকে স্টেডিয়াম মোড় পর্যন্ত সড়কের নির্মাণকাজ উদ্বোধন করেন তিনি।
দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনুর রশীদের সভাপতিত্বে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন শরীফুল আলম।
প্রাথমিক ও ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জনকারী ১৬২ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও একটি করে ফলজ-বনজ গাছের চারা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ, উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, ভৈরব থানার ওসি মাহবুবুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মো. মুজিবুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভিপি সাইফুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


