জার্মানির পূর্বাঞ্চলীয় স্যাক্সনি-আনহাল্ট রাজ্য নির্বাচনে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে অভিবাসনবিরোধী কট্টর ডানপন্থী দল ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ (এএফডি)। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশে প্রথম কট্টর ডানপন্থী রাজ্য সরকার গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে দলটি সামান্য ব্যবধানে পিছিয়ে রয়েছে। অন্যদিকে, এই নির্বাচনে চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) মারাত্মক ভরাডুবি হয়েছে।

নির্বাচনী সাফল্য উদ্যাপন করে এএফডির গভর্নর পদপ্রার্থী ৩৫ বছর বয়সী উলরিখ সিগমুন্ড বলেন, “আমরা ইতিহাস সৃষ্টি করেছি।” ভোটাররা পরিবর্তনের স্পষ্ট বার্তা দিয়েছে উল্লেখ করে তিনি জার্মানির বর্তমান রাজনৈতিক নেতৃত্বের সমালোচনা করেন। ভোটের ফলাফলের পর উলরিখ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইলন মাস্ককে সমর্থনের জন্য ধন্যবাদ জানান। এর আগে এএফডির সহপ্রতিষ্ঠাতা অ্যালিস ভাইডেলের জয়ের পূর্বাভাসসংক্রান্ত পোস্টে মাস্ক জার্মান ভাষায় লেখেন, “দারুণ হয়েছে!” মার্কিন টেক বিলিয়নিয়ারের পাশাপাশি রুশ প্রেসিডেন্টের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভও দলটির এই ‘ঐতিহাসিক জয়’-এর প্রশংসা করেন। ক্রেমলিনপন্থী হিসেবে পরিচিত এএফডি ইউক্রেনকে সহায়তা বন্ধের জোর দাবি জানিয়ে আসছে।

রাজ্য পার্লামেন্টে এককভাবে সরকার গঠনের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন থাকলেও ৮৩ আসনের পার্লামেন্টে এএফডি ৩৯টি আসন পেয়েছে, যা সরকার গঠনের চেয়ে মাত্র তিনটি কম। দলটি মোট ৪৩ দশমিক ৮ শতাংশ ভোট পেয়েছে, যা ২০২১ সালের তুলনায় প্রায় দ্বিগুণ। এএফডি প্রধান সিগমুন্ড স্পষ্ট করে জানিয়েছেন, তারা কোনো দুর্বল সংখ্যালঘু সরকার গঠন করবেন না। তবে এএফডিকে বাদ দিয়ে অন্য দলগুলো কীভাবে সরকার গঠন করবে, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

অন্যদিকে চ্যান্সেলর মের্ৎসের মধ্য-ডানপন্থী সিডিইউ পেয়েছে মাত্র ১৭ দশমিক ২ শতাংশ ভোট ও ১৫টি আসন, যা তাদের আগের জনসমর্থনের তুলনায় প্রায় অর্ধেক। সিডিইউ এই ফলাফলকে ‘তিক্ত’ হিসেবে বর্ণনা করলেও এএফডির সঙ্গে কোনো জোট সরকারে না যাওয়ার অবস্থান পুনর্ব্যক্ত করেছে। এছাড়া সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) ৯ দশমিক ৩ শতাংশ, গ্রিনস ৮ দশমিক ৯ শতাংশ এবং দ্য লেফট ৮ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে ৮টি করে আসন লাভ করেছে। নতুন রাজনৈতিক দল বিএসডব্লিউ ৫ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে ৫টি আসনে জয়ী হয়েছে।

বার্লিনের পশ্চিমে অবস্থিত প্রায় ২১ লাখ মানুষের এই রাজ্যে রেকর্ড ৭৬ দশমিক ৫ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। ২০০২ সাল থেকে রাজ্যটি সিডিইউর নেতৃত্বে পরিচালিত হয়ে আসছিল। চরমপন্থার বিরুদ্ধে মূলধারার দলগুলোর ‘ফায়ারওয়াল’ নীতি সত্ত্বেও এএফডির এই বিশাল জয় জার্মানির জাতীয় রাজনীতিতে বড় ধরনের বার্তা দিল।

সূত্র: দ্য গার্ডিয়ান।