https://asia24.tv


ছবি: -প্রতিনিধি
ইরানের পশ্চিমাঞ্চলের কুর্দিস্তান প্রদেশে একটি জ্বালানিবাহী ট্যাংকার দুর্ঘটনায় পতিত হয়ে বিকট বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এতে গুরুতর দগ্ধ ও আহত হয়েছেন আরও ৬ জন। শনিবার হামেদান-সানান্দাজ মহাসড়কে মর্মান্তিক এই দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এবং বার্তা সংস্থা রয়টার্স জানায়, সানান্দাজ শহরের কাছে চলমান ট্যাংকারটিতে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালক নিয়ন্ত্রণ হারান। এরপরই গাড়িটি উল্টে গিয়ে এতে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং দ্রুত চারপাশের যানবাহনে আগুন ছড়িয়ে পড়ে।
সানান্দাজের গভর্নর স্থানীয় সাংবাদিকদের জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিকটস্থ সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। তবে নিহত ব্যক্তিদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে প্রশাসন।
ইরানে ভঙ্গুর সড়কব্যবস্থা, অনিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থা এবং মেয়াদোত্তীর্ণ পুরোনো যানবাহনের চলাচলের কারণে প্রায়ই এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে থাকে। এর আগে ২০১৮ সালেও সানান্দাজের কাছে যাত্রীবাহী বাসকে একটি তেলবাহী ট্যাংকার ধাক্কা দিলে আগুনে পুড়ে ১৩ জন নিহত হয়েছিলেন।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের এক প্রতিবেদন অনুযায়ী, ইরানে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় প্রাণহানির হার বৈশ্বিক গড়ের তুলনায় প্রায় ২০ গুণ বেশি। আল জাজিরার তথ্যসূত্র অনুযায়ী, দেশটিতে সড়ক দুর্ঘটনায় বার্ষিক গড়ে ২০ হাজারের বেশি মানুষ মারা যান এবং প্রায় আট লাখ মানুষ বিভিন্নভাবে আহত বা পঙ্গুত্ব বরণ করেন।


