ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬
Advertise with us

বাংলাদেশ-রাশিয়া সুদৃঢ় কূটনীতি ও বহুমুখী সহযোগিতার আশ্বাস সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠকে

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬   ৫ বার পঠিত
বাংলাদেশ-রাশিয়া সুদৃঢ় কূটনীতি ও বহুমুখী সহযোগিতার আশ্বাস সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠকে

ছবি: -প্রতিনিধি

দ্বিপাক্ষিক সম্পর্ক, সংসদীয় বিষয়াবলি এবং আইনপ্রণেতাদের সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে বাংলাদেশ-রাশিয়া সংসদীয় মৈত্রী গ্রুপ। প্রথাগত সরকারি কূটনীতির পাশাপাশি সংসদীয় কূটনীতি (পার্লামেন্টারি ডিপ্লোমেসি) এবং পেশাদার অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের সঙ্গে বাংলাদেশ-রাশিয়া সংসদীয় মৈত্রী গ্রুপের একটি প্রতিনিধিদল এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়। বৈঠকে কৌশলগত দ্বিপাক্ষিক সম্পর্কের বহুমুখী ক্ষেত্র ও বহুপাক্ষিক সহযোগিতার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী এমপি দুই দেশের ঐতিহাসিক বন্ধনের কথা স্মরণ করেন। তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় থেকেই রাশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও পরীক্ষিত উন্নয়ন সহযোগী। সময়ের পরিক্রমায় এই ঐতিহাসিক সম্পর্ক আজ বিশ্বস্ত অংশীদারিত্বে রূপ নিয়েছে। তিনি আরও উল্লেখ করেন, কৃষি, শিক্ষা, প্রযুক্তি, পারমাণবিক বিজ্ঞান, খাদ্য নিরাপত্তা, জ্বালানি খাত এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুসংহত করতে যৌথ কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন। ‘সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়’ বৈদেশিক নীতিতে বিশ্বাস রেখে নতুন প্রজন্মের সমন্বয়ে ঢাকা-মস্কো সম্পর্ক আগামী দিনে আরও গভীর ও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন বাংলাদেশি প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি বলেন, দুই দেশের সংসদীয় সম্পর্ক উন্নয়ন, অভিজ্ঞতা বিনিময় এবং সক্ষমতা বৃদ্ধির যেকোনো ইতিবাচক উদ্যোগে রাশিয়ার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। এই যৌথ অংশগ্রহণের ফলে বাণিজ্যিক, অর্থনৈতিক ও কূটনৈতিক যোগাযোগ এক নতুন মাত্রায় পৌঁছাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাশিয়ান ফ্রেন্ডশিপ সোসাইটি উইথ বাংলাদেশের সভাপতি মিয়া সাত্তার মন্তব্য করেন, পারস্পরিক সুবিধার ভিত্তিতেই যেকোনো দীর্ঘমেয়াদি দ্বিপাক্ষিক সম্পর্ক টিকে থাকে। জনকূটনীতি ও সামাজিক সমন্বয়ের মাধ্যমে দুই দেশের আস্থা বৃদ্ধির তাগিদ দেন তিনি।

উক্ত বৈঠকে মৈত্রী গ্রুপের সভাপতি আলতাফ হোসেন চৌধুরী এমপির নেতৃত্বে উপস্থিত ছিলেন সংসদ সদস্য খাইরুল কবির খোকন, সাঈদ আল নোমান, সাইফুল আলম, আতিকুর রহমান মুজাহিদ এবং জেবা আমিন খান। এছাড়া কূটনৈতিক প্রটোকল সমন্বয়ের অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস অনুবিভাগের মহাপরিচালক এস এম মাহবুবুল আলম উপস্থিত ছিলেন।

একইভাবে রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ ‘স্টেট দুমা’-তেও বাংলাদেশের সঙ্গে সম্পর্কের মানোন্নয়নে একজন মুসলিম সংসদ সদস্যের নেতৃত্বে একটি সংসদীয় মৈত্রী দল গঠন করা হয়েছে। সংসদীয় কূটনীতির এই শক্তিশালী বিকাশ ভবিষ্যতে আন্তর্জাতিক নানা ফোরামে উভয় দেশের কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa