https://asia24.tv


ছবি: -সংগৃহীত
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় বর্তমান সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সরকার গণমাধ্যম বা সংবাদমাধ্যম নিয়ন্ত্রণ করছে না এবং ভবিষ্যতেও করবে না। তবে হলুদ সাংবাদিকতা ও অপসাংবাদিকতা প্রতিরোধে প্রশাসনিক কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
শুক্রবার দুপুরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’-এর ওরিয়েন্টেশন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, সাংবাদিকতার পেশাগত মান বজায় রাখা এবং সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)-এর মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী করার কাজ চলছে। সংবাদমাধ্যমের সার্বিক স্বাধীনতায় সরকার কোনো রকম হস্তক্ষেপ করবে না উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাধ্যম নিয়ন্ত্রণ থেকে বিরত থাকার স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। সাংবাদিকরা যেন কোনো ভয়ভীতির ঊর্ধ্বে থেকে অবাধে দায়িত্ব পালন করতে পারেন, সরকার সেই পরিবেশ নিশ্চিত করছে।
তবে বাকস্বাধীনতার অপব্যবহার নিয়ে সতর্ক করে প্রতিমন্ত্রী আরও বলেন, মুক্ত সাংবাদিকতার নামে কাউকে অহেতুক হেয়প্রতিপন্ন করা বা কারও ব্যক্তিগত সামাজিক জীবনকে হুমকির মুখে ফেলে এমন সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকা উচিত।
এর পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, বিচার ব্যবস্থার ওপর সরকার কোনো ধরনের প্রভাব বিস্তার করতে চায় না। অতীতে বিচার বিভাগকে কুক্ষিগত করে রাখার যে অভিযোগ ছিল, তা থেকে বের হয়ে এসে বর্তমান সরকার বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীনভাবে পরিচালনার সুযোগ দিতে দৃঢ়প্রতিজ্ঞ।
এর আগে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে রফিকুল ইসলাম হিলালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


