https://asia24.tv


ছবি: -প্রতিনিধি
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে গোটা দেশে দলের পক্ষ থেকে একক প্রার্থী সুনিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মিজানুর রহমান মিনু বলেন, বিএনপি একটি বড় দল। এ কারণে নির্বাচনে দলের একাধিক ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করতে চান। তবে দলীয়ভাবে সমন্বয় করে একজন প্রার্থী চূড়ান্ত করা হবে। স্থানীয় সরকার নির্বাচনে গোটা বাংলাদেশে বিএনপির একক প্রার্থী সুনিশ্চিত করা হবে।
এর আগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন ও ফেস্টুন উড্ডয়ন এবং পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
এর আগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বাটার মোড় থেকে শুরু হয়ে মালোপাড়া মণি চত্বর, জিরো পয়েন্ট হয়ে আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হয়।
রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর সংরক্ষিত মহিলা আসনের এমপি মাহমুদা হাবিবা, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। এছাড়া জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী মহানগর বিএনপি। এর অংশ হিসেবে বিকেলে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।


