গাজীপুরে বাসের বেপরোয়া গতির জেরে চাপা পড়ে মরিয়ম বেগম (৫০) নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। মর্মান্তিক এই  মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় শ্রমিক ও সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়।  এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

সোমবার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত মরিয়ম বেগম (৫০) ঢাকার আশুলিয়া এলাকার ওসমান আলীর মেয়ে। তিনি স্থানীয় দিগন্ত সোয়েটার কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে কারখানায় যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন মরিয়ম। এ সময় তাকওয়া পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে, মরিয়মের মৃত্যুর খবর কারখানায় পৌঁছালে সহকর্মী শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তাকওয়া পরিবহনের অন্য একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটির ভেতরের অংশ সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ওই মহাসড়কে যানচলাচল বন্ধ হয়। এক পর্যায়ে আগুনে ক্ষতিগ্রস্ত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার পর দুপুর আড়াইটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, তাকওয়া পরিবহনের বাসের চাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ খবর ছড়িয়ে পড়লে নিহতের সহকর্মীরা একটি বাসে আগুন দেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।