https://asia24.tv


ছবি: -প্রতিনিধি
দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সেপ্টেম্বর মাস থেকে শুরু করে পরবর্তী ছয় মাসের মধ্যে মালয়েশিয়ায় প্রায় দুই লাখ কর্মী পাঠানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে কর্মী পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ থেকে যে জনশক্তি রপ্তানি হবে, সেটি সেপ্টেম্বরের শেষ নাগাদ থেকে এটি পর্যায়ক্রমে শুরু হবে এবং আগামী ৬ মাসের মধ্যে এটি সমাপ্ত হবে বলে উনি (রাষ্ট্রদূত) জানিয়েছেন।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুই লাখ কর্মী পাঠানোর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘টোটাল তো ২ লক্ষ যাবে তাদের তালিকাভুক্ত কোম্পানির মাধ্যমে।’
এর বাইরে আরও ১০ হাজার শ্রমিক বিনা খরচে মালয়েশিয়া নেবে বলেও জানান তিনি।
এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘আর এর বাইরে ১০ হাজার শ্রমিক তারা একদম ফ্রি নিবে, যেটাতে কোনো খরচ নেই।’
এ সময় পাশে থাকা প্রতিনিধি বলেন, ‘জিরো কস্ট।’
প্রতিমন্ত্রী বলেন, ‘জিরো কস্ট। ওটাও সেপ্টেম্বরের শেষের দিক থেকে পর্যায়ক্রমে শুরু হবে।’
সরকারের পক্ষ থেকে মালয়েশিয়াকে দেওয়া এলএনজি আনার জন্য চিঠি দেওয়া হয়েছিল, সে বিষয়ে কোন আলোচনা হয়েছে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এই বিষয়ে আলোচনা হয়নি।


