https://asia24.tv


সৌদিতে নিহত ৯ জনের মরদেহ পৌঁছেছে গ্রামে। ছবি: -সংগৃহীত
সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া ৯ জনের মরদেহ নিজ নিজ গ্রামে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে মরদেহগুলো গ্রামে পৌঁছালে পুরো এলাকায় শোকের মাতম নেমে আসে। আজ শুক্রবার নওগাঁয় তাদের জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে।
এর আগে বৃহস্পতিবার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরে নিহতদের স্বজনদের উপস্থিতিতে মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি জানান, রিয়াদের অগ্নিকাণ্ডে প্রাণ হারানো বাকি ৭ জন প্রবাসীর মরদেহও দ্রুততম সময়ে দেশে আনার প্রক্রিয়া চলছে।
গত ৯ আগস্ট রিয়াদের সোফা কারখানায় ঘটে যাওয়া সেই মর্মান্তিক আগুনে ১৬ বাংলাদেশি কর্মী প্রাণ হারান। পরে আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে ৯ জনের পরিচয় নিশ্চিত হয়ে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়।
শনাক্ত হওয়া ৯ জনের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলারই সাতজন—ফরিদ, রুবেল প্রামাণিক, কলিমউদ্দিন, দুই ভাই মোহন আলী ও সুমন আলী, সোহেল রানা এবং আব্দুল জলিল সরকার। বাকি দুজনের মধ্যে রবিউল ইসলামের বাড়ি নাটোরের নলডাঙ্গায় এবং শ্যামল উদ্দিনের বাড়ি রাজশাহীর বাগমারায়। স্বজনদের ভাগ্য ফেরাতে গিয়ে প্রবাসের মাটিতে তাদের এমন মৃত্যুতে এলাকাজুড়ে স্তব্ধতা বিরাজ করছে।


