https://asia24.tv


ছবি: -সংগৃহীত
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে অপহরণের শিকার হওয়া দন্ত চিকিৎসক হাসিবুর রহমানকে (৪৩) পূর্বাচলের এক নির্জন জঙ্গল থেকে জীবিত উদ্ধার করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। ভুক্তভোগী চিকিৎসককে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় অক্ষত দেখতে পান টহল দলের সদস্যরা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে আনসার বাহিনীর গণসংযোগ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো নিশ্চিত করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, গত বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় ভুক্তভোগী চিকিৎসক রোগী দেখার উদ্দেশ্যে কুড়িল এলাকায় পরিবহনের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে একটি সাদা রঙের অটোরিকশা বা মাইক্রোবাসের চালক তাকে গাড়িতে তোলে। পরবর্তীতে গাড়িতে অবস্থানরত একটি ছিনতাইকারী ও অপরাধী চক্র জোরপূর্বক তার মুখ, হাত ও পা বেঁধে ফেলে।
আটক থাকা অবস্থায় চক্রটি চিকিৎসকের স্বজনদের কাছে সরাসরি ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং তার সঙ্গে থাকা মুঠোফোন ব্যবহার করে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আনুমানিক ১২ হাজার টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে গভীর রাতে তাকে পূর্বাচলের ১৯ নম্বর সেক্টরের নির্জন বনাঞ্চলে ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা।
ঐ এলাকায় দায়িত্বপ্রাপ্ত আনসার বাহিনীর একটি নিয়মিত টহল দল নির্জন স্থান থেকে গোঙানির শব্দ শুনতে পেয়ে দ্রুত সেখানে পৌঁছায়। তারা বাঁধা অবস্থায় ভুক্তভোগীকে শনাক্ত করে তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্য পরিচালনা করে এবং প্রাথমিক শুশ্রূষা দিয়ে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে।
দুর্গম ও চরম বিপদের মুখে আনসার বাহিনীর সময়োপযোগী পদক্ষেপ, সাহসিকতা এবং পেশাদার মানবিক সহায়তার জন্য আন্তরিক ধন্যবাদ প্রকাশ করেছেন ভুক্তভোগী চিকিৎসক ও তার পরিবার।


