https://asia24.tv


ছবি: -সংগৃহীত
নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন নিশ্চিত করতে আজ মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) থেকে শুরু হচ্ছে বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে চালু হতে যাওয়া গোলাপি রঙের এসব ‘পিংক বাস’ পরিচালনা করবেন নারী চালক ও নারী কন্ডাক্টর। রাজধানীর পাশাপাশি বন্দরনগরী চট্টগ্রামেও আজ একযোগে এই সেবা চালু হচ্ছে।
মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এ বিশেষ বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। সভায় সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মোল্লা।
বিআরটিসি জানিয়েছে, পরিবহন খাতে নারীদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।
একই দিনে চট্টগ্রামেও চালু হচ্ছে এই সেবা। নগরীর কালুরঘাট বেতার কেন্দ্র এলাকা থেকে দুটি পিংক বাস পতেঙ্গা-ফ্রি পোর্ট রুট পর্যন্ত যাত্রী আনা-নেওয়া করবে। চট্টগ্রামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ।
তিনি জানান, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী শুধু ঢাকায় সেবা চালুর কথা থাকলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় চট্টগ্রামেও এটি যুক্ত করা হয়েছে। জেলা প্রশাসন ও বিআরটিসির যৌথ ব্যবস্থাপনায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং উদ্বোধনের পর থেকেই বাসগুলো নির্ধারিত রুটে নিয়মিত চলাচল করবে।


