https://asia24.tv


ছবি: -সংগৃহীত
খাদ্য নিরাপত্তা সুদৃঢ় করা এবং গ্রামীণ অর্থনীতিকে বেগবান করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার বিশেষ পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হয়েছে যমুনা ব্যাংক পিএলসি। এ উদ্দেশ্যে সম্প্রতি উভয় প্রতিষ্ঠানের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
তিন বছর মেয়াদি এই তহবিলের আওতায় শস্য উৎপাদন, গবাদিপশু পালন, মৎস্য চাষ, কৃষি যন্ত্রপাতি ক্রয় এবং ক্ষুদ্র পল্লী উদ্যোগের মতো গুরুত্বপূর্ণ খাতে অর্থায়ন করা হবে। চুক্তি অনুযায়ী, প্রান্তিক কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তারা সর্বোচ্চ ৮ শতাংশ সরল সুদে ঋণ সুবিধা পাবেন।
বাংলাদেশ ব্যাংকের পক্ষে কৃষি ঋণ বিভাগ-২-এর পরিচালক একেএম সাইদুজ্জামান এবং যমুনা ব্যাংক পিএলসির পক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহিদুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে চুক্তিপত্র বিনিময় করেন। অনুষ্ঠানে উভয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যমুনা ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এই চুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে সহজ শর্তে মূলধন পৌঁছানো নিশ্চিত হবে। ফলে কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি হবে, যা সামগ্রিকভাবে একটি টেকসই ও সমৃদ্ধ গ্রামীণ কাঠামো গড়ে তুলতে কার্যকর অবদান রাখবে।


