পটুয়াখালীর কলাপাড়ায় এক মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে রাতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় গৃহকর্তার ছেলে গুলিবিদ্ধসহ পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) গভীর রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের লোন্দা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রাত আনুমানিক আড়াইটার দিকে ৫-৬ জনের একদল সশস্ত্র ডাকাত জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। তারা পরিবারের সবাইকে জিম্মি করে হাত-পা বেঁধে মারধর শুরু করে এবং এক তরুণীকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় প্রবাসীর ছেলে নাইম বাধা দিলে ডাকাতরা তাঁর হাঁটুতে গুলি করে।

গৃহকর্ত্রী রুমা বেগম জানান, দুই বছরের নাতির মাথায় পিস্তল ঠেকিয়ে প্রাণনাশের ভয় দেখিয়ে সন্ত্রাসীরা ২৫ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ টাকা ও একটি দামি আইফোন লুট করে নেয়। ডাকাত দল পালিয়ে যাওয়ার পর প্রতিবেশীরা এসে আহতদের উদ্ধার করেন। গুলিবিদ্ধ নাইমকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লুট হওয়া মালামাল উদ্ধারসহ জড়িত ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।