https://asia24.tv


ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি। ছবি: -সংগৃহীত
মানবাধিকার ও আন্তর্জাতিক আইন নিয়ে অন্য দেশকে উপদেশ দেওয়ার আগে ফ্রান্সকে নিজেদের ভণ্ডামি এবং বিতর্কিত অবস্থান পর্যালোচনার আহ্বান জানিয়েছে ইরান। গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডে অন্ধ সমর্থন এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনে সহযোগিতা করার অভিযোগ তুলে ফ্রান্সসহ পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেন, “ফ্রান্সের মতো দেশগুলোর উচিত বিশ্বকে মানবাধিকার ও আন্তর্জাতিক আইন নিয়ে জ্ঞান দেওয়া অবিলম্বে বন্ধ করা। পশ্চিমা বিশ্ব যা করছে, সেই ভণ্ডামি এখন পুরোপুরি স্পষ্ট এবং তাদের জন্য চরম বিব্রতকর।”
সম্প্রতি ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাজ্য ও কানাডাসহ ৩২টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন যৌথ বিবৃতি দিয়ে ইরানে বিদেশি-সমর্থিত দাঙ্গায় জড়িতদের মৃত্যুদণ্ড কার্যকরের কড়া বিরোধিতা করেছে।
তবে ইরানের দাবি, চলতি বছরের জানুয়ারিতে তাদের বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণপ্রাপ্ত সশস্ত্র সন্ত্রাসীরা ধ্বংসাত্মক দাঙ্গা ও সহিংসতা চালায়। এতে বেশ কয়েকজন নিরপরাধ মানুষ প্রাণ হারান এবং বিপুল সরকারি সম্পদ নষ্ট হয়।
পররাষ্ট্রমন্ত্রী আরাকচি ফরাসি মনোভাবকে আক্রমণ করে আরও বলেন, “গাজায় ইসরায়েলের নারকীয় গণহত্যার প্রতি আপনাদের নির্লজ্জ সমর্থন এবং ইরানের বিরুদ্ধে প্রত্যক্ষ আগ্রাসন পশ্চিমা দেশগুলোর তথাকথিত নৈতিক শ্রেষ্ঠত্বকে পুরোপুরি ধূলিসাৎ করে দিয়েছে।”


