https://asia24.tv


জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ। ছবি: -সংগৃহীত
মার্কিন সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে জন্মসূত্রে দেশের নাগরিকত্ব অর্জনের পথ রুদ্ধ করতে নতুন কৌশলে হাঁটছেন ডোনাল্ড ট্রাম্প। আগের পদক্ষেপ অপেক্ষা কিছুটা নমনীয় হলেও, এই সুবিধা কাটছাঁট করতে প্রেসিডেন্ট এবার নতুন দুটি প্রশাসনিক আদেশে অনুমোদন দিয়েছেন।
বর্তমানে মার্কিন ভূখণ্ডে জন্ম নেওয়া প্রায় প্রতিটি শিশুই স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পেয়ে থাকে। বিদ্যমান আইনে কেবল বিদেশি কূটনীতিবিদ কিংবা শত্রুভাবাপন্ন বাহিনীর সন্তানদের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য নয়। ট্রাম্পের নতুন বিধানে এই ছাড়ের আওতা আরও বাড়িয়ে তথাকথিত ‘সন্ত্রাসী’, কেবল নাগরিকত্ব পাওয়ার লোভে যুক্তরাষ্ট্রে আসা অভিবাসীদের সন্তান এবং নির্দিষ্ট কিছু এলাকার শিশুদের নাগরিকত্ব পাওয়ার পথ বন্ধের সুপারিশ করা হয়েছে।
পাশাপাশি, অন্য আদেশটির মাধ্যমে কেবল সন্তান প্রসাবের উদ্দেশ্যে মায়েরা যে যুক্তরাষ্ট্রে যান—সেই ‘বার্থ ট্যুরিজম’ শক্ত হাতে দমনের দায়িত্ব দেওয়া হয়েছে দেশের পররাষ্ট্রমন্ত্রী ও হোমল্যান্ড সিকিউরিটি সচিবকে।
ওভাল অফিস থেকে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প সর্বোচ্চ আদালতের পূর্ববর্তী সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে জানান, আদালত এই বিষয়টিকে প্রহসনে রূপ দিয়েছে। তাই নতুন পথ খুঁজতে বাধ্য হচ্ছে তাঁর প্রশাসন।
উল্লেখ্য, দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে সংবিধানে ১৪তম সংশোধনীর নিজস্ব ব্যাখ্যা দাঁড় করিয়ে অবৈধ ও অস্থায়ী অভিবাসীদের সন্তানদের নাগরিকত্ব বাতিলের আদেশ দেন ট্রাম্প। তবে চলতি জুনে সুপ্রিম কোর্ট আদেশটি অসাংবিধানিক বলে খারিজ করে দিলে তিনি এই বিকল্প পথ বেছে নেন। যদিও ট্রাম্পের এই সাম্প্রতিক পদক্ষেপ দুটিও নতুন করে আইনি জটে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।


