https://asia24.tv


এআই দিয়ে নিজের ছবি বানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ছবি: -সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একাধিক বিতর্কিত ছবি পোস্ট করে আবারও তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার পরোক্ষ আভাস দিয়েছেন। পোস্ট করা ছবিগুলোর একটিতে তাঁকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিখ্যাত সামরিক জেনারেল জর্জ প্যাটন ও ডগলাস ম্যাকআর্থারের পাশে সামরিক পোশাকে দেখা যায়। অন্য একটি ছবিতে ক্যাম্প ডেভিডে সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির পাশে দাঁড়িয়ে হাসতে দেখা যায় তাঁকে। তবে এসবের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা তৈরি করেছে ‘ট্রাম্প ২০২৮’ লেখা একটি বিশেষ পোস্টার।
যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী টানা বা দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট পদে থাকার সুযোগ নেই। ট্রাম্প নিজেও বিষয়টি অবগত থাকার কথা স্বীকার করলেও প্রায়ই এ নিয়ে রসিকতা ও অস্পষ্ট মন্তব্য করে থাকেন। বৃহস্পতিবার ওভাল অফিসে এক অনুষ্ঠানে নিজের মেয়াদকাল নিয়ে প্রশ্ন করা হলে তিনি রহস্যজনকভাবে বলেন, “আমি কতদিন দায়িত্বে থাকব তা কে জানে? সময়টা দীর্ঘও হতে পারে, আবার খুব দ্রুতও শেষ হতে পারে। সবাই বলছে আড়াই বছর; বাকিটা দেখা যাবে।”
আমেরিকান সংবিধানে বাধা থাকা সত্ত্বেও তাঁর সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন দাবি করেছেন, ২০২৮ সালে ট্রাম্পকে পদে রাখার একটি বিশেষ পরিকল্পনা অলরেডি করা আছে এবং দেশবাসীর এখনই এর সঙ্গে মানিয়ে নেওয়া উচিত। তবে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার মাইক জনসন স্পষ্ট জানিয়েছেন যে সংবিধানের সীমাবদ্ধতার বিষয়টি ট্রাম্প ভালভাবেই জানেন।
সমালোচকদের মতে, এআই দিয়ে বানানো ভুয়া ছবি প্রকাশ, সংবাদমাধ্যমের ওপর কঠোর অবস্থান নেওয়া এবং সরকারি ভবনে নিজের বিশালাকার ছবি টাঙানোর মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প মূলত নিজের কর্তৃত্ববাদী মনোভাবেরই বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন।


