https://asia24.tv


সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: -সংগৃহীত
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জাল নথি তৈরি এবং আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৫ আগস্ট ২০২৬) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ও ডিবি প্রধান শফিকুল ইসলাম।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে অভিযুক্ত জগলুল পাশা কক্সবাজার থেকে বিমানযোগে ঢাকায় ফিরছেন। এরপর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় নজরদারি বাড়িয়ে গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সৈয়দ জগলুল পাশার বিরুদ্ধে শুধু খালেদা জিয়ার মিথ্যা সাক্ষ্য বা নথি জালিয়াতই নয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একাধিক হত্যাকাণ্ডসহ গুরুতর অভিযোগ রয়েছে। তিনি যাত্রাবাড়ী থানায় পারভেজ হত্যা মামলা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ‘অপারেশন ঈগল হান্ট’ সংক্রান্ত মামলা এবং কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি নেতা আলতাব হোসেন হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি।
এ ছাড়া ২০১৩ সালে রাজধানীর গুলশান ও বনানীতে বিএনপির কার্যালয়ের সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিরোধ সৃষ্টির ঘটনায় দায়ের করা মামলায়ও তাঁর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে নিশ্চিত করেছে ডিবি।


