https://asia24.tv


ছবি: -প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মাদকাসক্ত দুই ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে তাদের পুলিশের হাতে তুলে দিয়েছেন এক অসহায় মা। পরে ভ্রাম্যমাণ আদালত দুই ভাইকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড দেন।
রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার ধরমন্ডল গ্রামে প্রতিবেশীদের সহায়তায় দুই ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেন তাদের মা পারভীন আক্তার। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন দুলাল মিয়া (৪৫) ও মতি মিয়া (২৬)। তারা উপজেলার ধরমন্ডল গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের মৃত আজদু মিয়ার ছেলে। রায় কার্যকরের পর পুলিশ তাদের কারাগারে পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারভীন আক্তারের পাঁচ ছেলের মধ্যে দুলাল ও মতি কয়েক বছর আগে মাদকাসক্ত হয়ে পড়েন। মাদকের অর্থ জোগাড় করতে তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে মা বহু চেষ্টা করলেও কোনো ফল হয়নি।
সম্প্রতি মাদকের টাকার জন্য দুই ভাই আরও বেপরোয়া হয়ে ওঠেন। রোববার সকালে তারা মায়ের কাছে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন এবং মাকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। পরে প্রতিবেশীদের সহায়তায় তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন পারভীন আক্তার।
এদিকে, একই ধরনের আরেকটি ঘটনায় গত শুক্রবার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতিকুড়া গ্রামের এক মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে তাকে পুলিশের হাতে তুলে দেন তার বাবা। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাসরীন মাদকসেবী মো. নজরুল (২৬)-কে আট মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। নজরুল আতিকুড়া গ্রামের বরজু মিয়ার ছেলে। দণ্ডাদেশের পর পুলিশ তাকে কারাগারে পাঠায়।


