রাজধানীর কলাবাগানে পারিবারিক কলহের জেরে জামাতার ছুরিকাঘাতে নিহত হয়েছেন মা ও মেয়ে। অভিযুক্ত জামাতা হৃদয় ওরফে শিপনকে (৩০) আটক করেছে পুলিশ।
আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে কলাবাগানের শ্বশুরবাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুজন হলেন হৃদয়ের স্ত্রী ফারজানা বেগম (২০) এবং শাশুড়ি ফিরোজা বেগম (৩৮)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে যান হৃদয়। সকালে পারিবারিক কলহ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। শাশুড়ি ফিরোজা বেগম ঝগড়া থামাতে এগিয়ে এলে ক্ষিপ্ত হয়ে হৃদয় দুজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন।
এতে ঘটনাস্থলেই স্ত্রী ফারজানা মারা যান। আর গুরুতর আহত অবস্থায় শাশুড়ি ফিরোজাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, নিহত ও অভিযুক্তের বাড়ি শরীয়তপুরে। অভিযুক্ত হৃদয়কে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনার বিস্তারিত কারণ জানতে তদন্ত চলছে।





মন্তব্য করুন