সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে একটি মাছ ধরার ট্রলারে জিম্মি করে রাখা ২৮ জনকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কক্সবাজার উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

অভিয়োগ করা হয় সাত দিন ধরে খাবার না দিয়ে চালানো হয় নির্যাতন। পরিবারের কাছে দাবি করা হয় মুক্তিপণ। টাকা দিতে না পারায় কয়েকজনকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এমনকি কয়েকজনকে সাগরে ফেলে দেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।

কক্সবাজার শহরের লাবণী পয়েন্ট-সংলগ্ন সৈকতে এসে একটি ট্রলার আটকে গেলে শুক্রবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে স্থানীয় লোকজনের সহায়তায় এক নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করে পুলিশ।

উদ্ধার হওয়া ভুক্তভোগীদের ভাষ্য, ট্রলারটিতে প্রায় ৭০ জন ছিলেন এবং তাদের মধ্যে কয়েকজন সাগরে ঝাঁপ দেন, আবার কয়েকজন স্পিডবোটে পালিয়ে যান।

উদ্ধার হওয়া ব্যক্তিদের কেউ মালয়েশিয়া যাওয়ার প্রলোভনে ট্রলারে উঠেছিলেন, আবার কাউকে কাজ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করা হয়। তাদের মধ্যে কয়েকজনকে টেকনাফ ও কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে তুলে নেওয়া হয়েছিল বলে অভিযোগ পাওয়া গেছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, উদ্ধার হওয়া ২৮ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মানবপাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের একজন চকরিয়ার বাসিন্দা আক্তার পেশায় রাজমিস্ত্রি। তিনি জানান, ড্রেন নির্মাণের কাজ দেওয়ার কথা বলে তাকে ডেকে নেওয়া হয়, পরে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলারে তুলে সাগরে নিয়ে যাওয়া হয়।

আক্তার বলেন, ট্রলারে নেওয়ার পর আমার মুঠোফোন ও পরিচয়পত্র কেড়ে নেওয়া হয়, এরপর টাকা দাবি করা হয়। টাকা দিতে না পারার কথা জানালে ধারালো অস্ত্র দিয়ে আক্তারের হাতে কোপ দেওয়া হয়।

তিনি বলেন, ট্রলারে থাকা লোকজনের কাছে অস্ত্র ও ছুরি ছিল, একপর্যায়ে ছয় থেকে সাতজনকে লাথি মেরে সাগরে ফেলে দেওয়া হয়।

টেকনাফের বাসিন্দা ইলিয়াস বলেন, অসুস্থ ভাইকে দেখতে যাওয়ার পথে কক্সবাজার শহরের লিংক রোড এলাকা থেকে আমাকে তুলে নেওয়া হয়। এরপর ট্রলারে সাগরে নিয়ে সাত দিন আটকে রাখা হয়।

ইলিয়াসের ভাষ্য, এ সময় তাদের ঠিকমতো খাবার দেওয়া হয়নি। বরং মারধর করা হয়। ট্রলারে থাকা ব্যক্তিদের মধ্যে একপর্যায়ে মারামারি শুরু হলে কেউ কেউ সাগরে ঝাঁপ দেন, আবার কয়েকজন স্পিডবোট নিয়ে চলে যান।

আরেক ভুক্তভোগী হেলাল উদ্দিন বলেন, আমাদের মাছ রাখার কোল্ড স্টোরেজের ভেতরে আটকে রাখা হতো। আকাশে বিমান দেখে বুঝতে পারি উপকূল কাছাকাছি। পরে সুযোগ বুঝে ট্রলার চালিয়ে তীরে চলে আসি।

শুক্রবার রাতে লাবণী পয়েন্টে থাকা স্থানীয় বাসিন্দা রহিম উদ্দিন বলেন, ট্রলারটি হঠাৎ সৈকতের দিকে এগিয়ে এসে আটকে যায়। এ সময় কয়েকজন লাফিয়ে নেমে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন এক নারী ও শিশুসহ ২৮ জনকে পুলিশের হাতে তুলে দেন।

প্রসঙ্গত, মানবপাচার প্রতিরোধে বাংলাদেশে ২০২৬ সালের ১০ এপ্রিল কার্যকর হয়েছে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬। এ আইনে মানবপাচার ও অভিবাসী চোরাচালানকে পৃথক অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে।

আইনের ৬ ধারায় মানবপাচারের অপরাধে সর্বোচ্চ যাবজ্জীবন এবং সর্বনিম্ন পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে। পাশাপাশি কমপক্ষে ৫০ হাজার টাকা জরিমানার কথা বলা হয়েছে। সংঘবদ্ধ চক্রের মাধ্যমে মানবপাচার প্রমাণিত হলে ৭ ধারায় মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে।

অন্যদিকে, ১৫ ধারায় অভিবাসী চোরাচালানের অপরাধে তিন থেকে ১০ বছরের কারাদণ্ড ও কমপক্ষে ১ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। এ ধরনের অপরাধে কারও জীবন বিপন্ন করা বা গুরুতর নির্যাতনের প্রমাণ পাওয়া গেলে আরও কঠোর শাস্তির বিধান রয়েছে।

কক্সবাজারে মানবপাচারের ঝুঁকি

কক্সবাজারের টেকনাফ ও উখিয়া উপকূল দিয়ে সমুদ্রপথে মালয়েশিয়ায় যাওয়ার প্রলোভন দেখিয়ে মানুষ পাচারের ঘটনা নতুন নয়। বিদেশে ভালো কাজ ও আয়ের আশ্বাস দিয়ে স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গাদের বিভিন্ন সময় ট্রলারে তোলার অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে যাত্রাপথে তাদের জিম্মি করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়।

মানবপাচার নিয়ে কাজ করা সংস্থাগুলোর তথ্যেও কক্সবাজারে এ অপরাধের ঝুঁকি বাড়ার চিত্র পাওয়া যায়। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর কর্তৃক চলতি বছরের নভেম্বরে প্রকাশিত তথ্য অনুযায়ী, কক্সবাজারে শনাক্ত মানবপাচারের ঘটনা ২০২৪ সালের ৩১৯টি থেকে বেড়ে ২০২৫ সালে ৪০৭টিতে দাঁড়িয়েছে।