https://asia24.tv


শাহবাগে আন্দোলন করছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। ছবি: -সংগৃহীত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী চলতি আগস্ট মাসের মধ্যেই যোগদানের দাবিতে তাঁদের কর্মসূচিতে অনড় অবস্থান নিয়েছেন। সরকারের দেওয়া অক্টোবর মাসের আশ্বাস প্রত্যাখ্যান করে আজ রোববার (২ আগস্ট ২০২৬) থেকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করছেন তাঁরা।
এর আগে গত ২৯ জুলাইয়ের মধ্যে যোগদান ও পদায়নের সুনির্দিষ্ট রূপরেখা চেয়ে প্রার্থীরা সময়সীমা বেঁধে দিয়েছিলেন। কিন্তু দাবি পূরণ না হওয়ায় আন্দোলনে নামতে বাধ্য হন তারা।
যদিও গতকাল শনিবার (১ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক জরুরি সভা শেষে সচিব মো. সাখাওয়াৎ হোসেন জানান, তদন্ত ও প্রশাসনিক নানা প্রক্রিয়ার বিলম্ব কাটিয়ে আগামী ৩০ অক্টোবরের মধ্যে শিক্ষকদের যোগদান সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। তবে প্রার্থীরা এই মৌখিক আশ্বাস বা সংবাদমাধ্যমের নীতিগত বিজ্ঞপ্তিতে আস্থা রাখতে পারছেন না।
আন্দোলনকারীদের স্পষ্ট দাবি—নিয়োগ বিধিমালা অনুসরণ করে চলতি আগস্ট মাসের মধ্যেই যোগদান ও পদায়ন নিশ্চিত করে সরকারি ওয়েবসাইটে লিখিত প্রজ্ঞাপন জারি করতে হবে। সুনির্দিষ্ট তারিখসহ দাপ্তরিক আদেশ জারি না হওয়া পর্যন্ত রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এই সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা।


