বাংলাদেশসহ ৫০টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ব্যবসা বা পর্যটন ভিসায় ভ্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত ‘ভিসা বন্ড’ বা ফেরতযোগ্য জামানত দেওয়ার নিয়মটি স্থায়ী করতে যাচ্ছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বি-১ (ব্যবসা) ও বি-২ (পর্যটন) ভিসার আবেদনকারীদের ক্ষেত্রে আগামী ৩ আগস্ট থেকে এটি কার্যকর হবে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারের বিজ্ঞপ্তি অনুযায়ী, কনস্যুলার কর্মকর্তারা যৌক্তিক মনে করলে ভিসা অনুমোদনের পূর্বশর্ত হিসেবে এই জামানত দাবি করতে পারবেন। ২০২৫ সালের পরীক্ষামূলক প্রকল্পে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলারের জামানতের বিধান থাকলেও চূড়ান্ত বিধিমালায় সর্বনিম্ন ধাপটি বাদ দিয়ে সর্বোচ্চ অঙ্ক বাড়িয়ে ২০ হাজার ডলার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় এশিয়ার বাংলাদেশ, নেপাল ও ভুটান ছাড়া আফ্রিকারই রয়েছে ৩০টি দেশ।
মার্কিন প্রশাসনের দাবি, ভিসার মেয়াদের চেয়ে বেশি সময় বেআইনিভাবে অবস্থান ঠেকানো এবং জাতীয় নিরাপত্তা সুসংহত করতেই এই কঠোর পদক্ষেপ। তবে অভিবাসন ও মানবাধিকারকর্মীরা এর তীব্র সমালোচনা করে বলছেন, এমন অতিরিক্ত আর্থিক বোঝা চাপানোর ফলে বৈধ ভ্রমণকারীরা নিরুৎসাহিত হবেন। পাশাপাশি, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই কঠোর অভিবাসন নীতি বর্ণভিত্তিক বৈষম্যকে উৎসাহিত করছে এবং সাধারণ অভিবাসীদের জন্য আইনি জটিলতা তৈরি করছে।
উল্লেখ্য, অবৈধ অভিবাসন প্রতিরোধের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের নজরদারি বৃদ্ধি ও ভিসা ফি বাড়িয়ে বৈধ উপায়ে প্রবেশের পথও কঠিন করে তুলেছে যুক্তরাষ্ট্র।





মন্তব্য করুন