https://asia24.tv


ধসে পড়া ভবন। ছবি: এনডিটিভি ছবি: -সংগৃহীত
ভারতের মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে একটি চারতলা বিপজ্জনক ভবন ধসে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় ধ্বংসস্তূপের নিচে আরও বেশ কয়েকজন আটকে থাকার তীব্র আশঙ্কা করা হচ্ছে। ভবনটিতে মেরামতের কাজ চলাকালেই গত বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পৌরসভা সূত্রে জানা গেছে, ‘পাওয়ারলুম টাউন’ নামে পরিচিত বালাজি নগর এলাকার ‘কোহিনুর বিল্ডিং’-এর একটি বড় অংশ হঠাৎ হুড়মুড় করে ধসে পড়ে। ৪৮টি কক্ষবিশিষ্ট চারতলা ভবনটিকে জরাজীর্ণ অবস্থার কারণে আগেই ‘বিপজ্জনক’ হিসেবে ঘোষণা করেছিল পৌর কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে ভবন থেকে তীব্র মড়মড় শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে নেমে পড়েন। বেশ কিছু পরিবারকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হলেও অনেকেই নিচে আটকা পড়েন। বের হয়ে আসার মুহূর্তে ভবনের ‘বি’ উইংটি হঠাৎ ভেঙে পড়ে।
দুর্ঘটনার পর পরই ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ), থানে ডিজাস্টার রেসপন্স ফোর্স এবং স্থানীয় ফায়ার সার্ভিসের কয়েকটি দল যৌথভাবে ব্যাপক উদ্ধার অভিযান শুরু করেছে। ঘটনাস্থলে চারটি ফায়ার ইঞ্জিন, দুটি অ্যাম্বুলেন্স, ডগ স্কোয়াড এবং ভারী মাটি কাটার যন্ত্র মোতায়েন করা হয়েছে। ধ্বংসস্তূপ থেকে নিখোঁজদের জীবিত উদ্ধারে তৎপরতা অব্যাহত রেখেছেন উদ্ধারকর্মীরা।
সূত্র: এনডিটিভি


