https://asia24.tv


সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিত দিপকে। ছবি: -সংগৃহীত
ভারতের সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায় সৃষ্টি করেছে তরুণদের সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। টানা ৩৭ দিনের তীব্র আন্দোলন ও রাজপথ দখলের পর শিক্ষার্থীদের দাবির মুখে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। একই সঙ্গে আন্দোলনকারীদের অন্যান্য দাবিও সরকার মেনে নেওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সিজেপির ৩০ বছর বয়সি রূপকার অভিজিৎ দীপকে।
ঘটনার সূত্রপাত গত মে মাসে দেশের প্রধান বিচারপতির একটি ব্যঙ্গাত্মক মন্তব্যের জেরে। তার প্রতিক্রিয়ায় প্রতীকী দল হিসেবে ‘ককরোচ জনতা পার্টি’ গড়ে তুলেছিলেন দীপকে। তবে নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁস ও শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে এটি রূপ নেয় এক বিশাল গণআন্দোলনে। ‘জেন-জি’ প্রজন্মের হাজার হাজার তরুণ দিল্লির যন্তর মন্তর দখল করে ‘ইনকিলাব’ স্লোগানে রাজপথ উত্তাল করে তোলেন। অবশেষে সরকার নতিস্বীকার করায় ও কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় শনিবার আন্দোলন স্থগিত করা হয়।
দীর্ঘ লড়াই শেষে রবিবারে এক ভিডিও বার্তায় স্বস্তি প্রকাশ করেন দীপকে। তিনি জানান, টানা দুশ্চিন্তা শেষে অবশেষে নিশ্চিন্তে ঘুমাতে পেরেছেন। আন্দোলনকে অত্যন্ত কঠিন বর্ণনা করে তিনি অনুসারীদের স্মরণ করিয়ে দিয়ে বলেন, “এটি কেবল শুরু, সিজেপির পথচলা এখনো অনেক বাকি।”
বর্তমানে টাইফয়েড জ্বরে আক্রান্ত থাকায় আন্দোলনের শেষ দিনে সরাসরি উপস্থিত হতে না পারায় দুঃখ প্রকাশ করেন দীপকে। তিনি ৩৭ দিন ধরে রাজপথে থাকা প্রতিটি শিক্ষার্থী, সাধারণ মানুষ এবং গঠনমূলক সমালোচনা করা সমালোচকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


