https://asia24.tv


যুক্তরাষ্ট্রের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্রর (সিডিসি) সাইনবোর্ড। ছবি: -সংগৃহীত
যুক্তরাষ্ট্রের অন্তত ৯টি অঙ্গরাজ্যে অতি ক্ষুদ্র সাইক্লোস্পোরা পরজীবীর কারণে সৃষ্ট ডায়রিয়াজনিত সাইক্লোস্পোরিয়াসিসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে সিএনএন।
প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে শনাক্ত হওয়া ইন্ডিয়ানা, কেনটাকি, মিশিগান, ওহাইও ও ওয়েস্ট ভার্জিনিয়ার পাশাপাশি নতুন করে আরও চারটি রাজ্য—ইলিনয়, কানসাস, ওকলাহোমা ও পেনসিলভানিয়া এই প্রাদুর্ভাবের তালিকায় যুক্ত হয়েছে। যুক্তরাষ্ট্র সরকার ও স্থানীয় অঙ্গরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা যৌথভাবে বিষয়টি তদন্ত করে দেখছেন।
৯টি রাজ্যের স্বাস্থ্য বিভাগ সম্মিলিতভাবে এখন পর্যন্ত ১২ হাজারের বেশি সাইক্লোস্পোরিয়াসিস কেস বা আক্রান্তের ঘটনা নথিভুক্ত করেছে, যার সিংহভাগই মিশিগানে। এসব কেস যদি একই প্রাদুর্ভাবের সঙ্গে সম্পর্কিত বলে প্রমাণিত হয়, তবে এটি হবে গত তিন দশকের মধ্যে যুক্তরাষ্ট্রে খাদ্যবাহিত রোগের সবচেয়ে বড় প্রাদুর্ভাবগুলোর একটি।
রোগীদের সঙ্গে বিস্তারিত কথা বলে ও সাক্ষাৎকার নিয়ে স্বাস্থ্য কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন, কেন্দ্রীয় মেক্সিকো থেকে আমদানি করা ‘আইসবার্গ লেটুস’ সম্ভবত এই সংক্রমণের মূল উৎস। বর্তমানে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) ও মেক্সিকোর স্বাস্থ্য কর্তৃপক্ষ যৌথভাবে বিষয়টি তদন্ত করে দেখছে।
পরিস্থিতি বিবেচনায় টেইলর ফার্মস নামের একটি প্রতিষ্ঠান তাদের প্রক্রিয়াজাত করা কুচানো লেটুস বাজার থেকে তুলে নেয়ার ঘোষণা দিয়েছে। এই লেটুসগুলো ২৭টি রাজ্যের বিভিন্ন রেস্তোরাঁ, ফুড সার্ভিস ও খুচরা বিক্রেতাদের কাছে পাঠানো হয়েছিল।


